আবাদি জমির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শস্য-এলাকা নির্ধারণে আরও গবেষণা চালানোর জন্য কৃষিগবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান আকন্দের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উচিত জমি উপযোগী শস্য আবাদ করা। এতে কম উত্পাদন খরচে অধিক শস্য পাওয়া যাবে।’এ সময় প্রধানমন্ত্রী গম ও ভুট্টা উত্পাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি ধানের ওপর চাপ কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তনে জনগণকে উত্সাহিত করার ওপরও জোর দেন।প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ক্ষেত্রে বয়স যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করছে।বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে উত্পাদন বৃদ্ধির জন্য গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। খাদ্য উত্পাদন বাড়াতে কৃষিপণ্যে ভর্তুকি প্রদানসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ সরকার খাদ্য আমদানির ওপর নির্ভরশীল হতে চায় না।এ সময় প্রতিনিধিদল শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সমস্যা সমাধানে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।