আবাদি মাটি নিয়েও ব্যবসা!
রংপুরের তারাগঞ্জ উপজেলার সবখানেই এখন দেদারসে চলছে আবাদি জমির মাটি বিক্রির জমজমাট ব্যবসা। ইট তৈরি, সড়ক নির্মাণ, বাড়ি উঁচুকরণসহ বিভিন্ন কাজের জন্য বিক্রি হচ্ছে এ মাটি।ইটভাটার মালিকদের লোভনীয় টোপ আর অভাবের কারণে জমির মালিকেরা সামান্য টাকায় ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তি মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।প্রতিবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলে মাটি বিক্রির কাজ। মাটি কেনা-বেচায় নিয়োজিত এক শ্রেণীর ব্যবসায়ী সহজ-সরল কৃষক ও জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে আবাদি জমির মাটি কিনে নেন। তাঁরা ইটভাটার মালিকদের কাছে ওই মাটি বিক্রি করেন। এতে তাঁদের লাভ হয় দ্বিগুন টাকা।শুধু দালালেরা নয়, সরাসরি ইটভাটার মালিকেরাও কৃষকদের সরলতা ও অসচেতনতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে মাটি কিনে ব্যবহার করছেন ইট তৈরির কাজে। এতে একদিকে যেমন সাধারণ কৃষকেরা প্রতারিত হচ্ছেন, তেমনি ভালো উত্পাদন-ক্ষমতাসম্পন্ন জমিগুলো দ্রুত হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি। একই সঙ্গে প্রতিবছর উপরিভাগের মাটি তুলে নেওয়ার কারণে জমি নিচু হয়ে যাচ্ছে। ফলে এসব নিচু জমি বর্ষাকালে বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় মৌসুমি সব ফসল উত্পাদন করতে পারছেন না কৃষকেরা।এ ছাড়া দীর্ঘদিন বর্ষার পানি জমে থাকার কারণেও এসব নিচু জমি আবাদের যোগ্যতা হারাচ্ছে। উপরিভাগের মাটি তুলে নিয়ে যাওয়ার কারণে জমির যে উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে তা পূরণ হতে কমপক্ষে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে বলে কৃষি কর্মকর্তারা মনে করছেন।দোলাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী মতিন মিয়া ও আবদুল জব্বার জানান, ১০০ ফুট দীর্ঘ, ১০০ ফুট প্রস্থ ও এক ফুট গভীর মাটি কাটতে প্রতিদিন লাগে ২৫ জন শ্রমিক। স্থানীয় বাজারে প্রতি হাজার মাটি দূরত্ব ও প্রকারভেদে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়।জগদীশপুর গ্রামের আরেক মাটি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘ভাই হামার দোষ কী? কৃষকেরা ওমার জমির মাটি ব্যাচায় বলি তো হামরা কিনি নেই। জোর করি তো হামরা কারও জমির মাটি কাটি আনি না।’এখন চলছে মাটি কেনা-বেচার ভরা মৌসুম। উপজেলার ইকরচালী, সয়ার, কুর্শা, আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, ইটভাটায় আগামী বছরের জন্য মাটি কিনে মজুদ করা হচ্ছে। ব্যবসায়ীরা মাটি কিনে চড়া দামে উপজেলার ২০টি ইটভাটা, সড়ক নির্মাণ ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছেন।উপজেলার ঘনিরামপুর, রহিমাপুর, পলাশবাড়ী, বালাপাড়া, শাহপাড়া, বালাবাড়ী, মেনানগর, দরগারপাড়া, ডাঙ্গাপাড়া, আলমপুর, চিকলী, অনন্তপুর এলাকায় মাটি কেনা-বেচা হয় সবচেয়ে বেশি।প্রতিবছর মাটি বিক্রি করেন অনন্তপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক। তিনি বলেন, ‘মাটি বেচলে জমির ক্ষতি হয় এই কথাকোনা তো হামাক কায়ো কয় নাই। অভাবের সময় নগদ টাকা বাড়িত দিয়া যায় বলে তো হামরা মাটি বেচাই।’একই গ্রামের কৃষক মনছুর হোসেন বলেন, ‘হামাক কায়ো না কইলেও বুঝিবার পারি, মাটি ব্যাচা জমিত ভালো ফসল হয় না।’ বালাপাড়া গ্রামের কৃষক জবেদুল বলেন, ‘আগোত যা হইছে হইছে, এবার থাকি আর মাটি ব্যাচামো না। ভালো করি গবর সার দিয়া গত বছরোত মাটি ব্যাচে ফেলা জমিগুলার শক্তি ফিরামো।’আলমপুর ইউনিয়নের ইটভাটার মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বলেন ক্যান, কৃষকদের মাটি বিক্রি করতে নিষেধ করতে পারেন না?’ সয়ার ইউনিয়নের ইটভাটার মালিক মানিক মিয়া বলেন, ‘মাংনায় তো আর কাহো মাটি দ্যায় না, অভাবের সময় হামারটে টাকা নিয়া যায় বলে তো হামরা জমির মাটি কাটি আনি। টাকা না নিলে তো আননো না হয়।’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াজেদ জানান, সাধারণত কৃষি কাজে জমির উপরিভাগের এক ফুট মাটি কাজে লাগে। এই এক ফুট মাটির মধ্যেই ফসলের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ থাকে। এভাবে দেদারসে মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা ফিরে আসতে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই কৃষকদের জমির মাটি বিক্রি না করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।