পাল্টাপাল্টি অভিযোগ, অতীতে দেশ পরিচালনায় দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা তথ্য তুলে ধরা নিয়ে হইচই, চিত্কার-চেঁচামেচি এবং দুই দফা ওয়াকআউটের কারণে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন ছিল উত্তপ্ত।অধিবেশনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সরকারি দল ‘চাম্পিয়ন দুর্নীতিবাজ’ আখ্যা দেয়। আর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি ও লুটপাটের অভিযোগ তোলে বিএনপি।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হলে মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন। তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সমালোচনা করেন। এ সময় প্রথম দফা ওয়াকআউট করে বিএনপি।মওদুদ আহমদের বক্তব্য চলাকালেই আওয়ামী লীগের মেহের আফরোজ এবং বিএনপির আসিফা আশরাফি ও রাশেদা বেগম চিত্কার-চেঁচামেচি শুরু করেন। এ অবস্থায় আওয়ামী লীগের আনোয়ার আশরাফ খান সংসদে ভীতিকর পরিস্থিতির কথা বলে স্পিকারের কাছে এ থেকে মুক্তি চান। গতকাল অধিবেশনের শুরুতেই স্পিকার মওদুদ আহমদকে ফ্লোর দিয়ে বলেন, কাউকে অসম্মান ও কটাক্ষমূলক বক্তব্য যেন কেউ এ সংসদে না দেন। আর দিলে তা সঙ্গে সঙ্গে এক্সপাঞ্জ হয়ে যাবে।মওদুদ আহমদ এ সময় প্রায় ২০ মিনিট বক্তব্য দেন। তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তন করায় জিয়া বা বিএনপির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হলে হবে বর্তমান সরকারের। কারণ, এর মাধ্যমে বর্তমান সরকার কী পরিমাণ প্রতিহিংসাপরায়ণ, তা প্রকাশ পায়।সরকারের উদ্দেশে মওদুদ বলেন, কোনো কিছু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এ সরকারের দুর্নীতি, সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সবকিছু নিয়েই সরকারকে ধরা হবে। মওদুদ আহমদ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অফিসের সামনে বোমা পাওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। তিনি বলেন, জিয়াউর রহমানের নাম নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা দুর্ভাগ্যজনক। একজন মৃত মানুষকে নিয়ে কোনো সাধারণ মানুষও কুত্সা করে না। কিন্তু প্রথমে প্রধানমন্ত্রী, এরপর সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম যে ভাষায় বক্তব্য দিলেন, তা বড়ই দুর্ভাগ্যের বিষয়।দ্বিতীয় দফা ওয়াকআউট: সন্ধ্যা সাতটায় জিল্লুল হাকিমের বক্তব্যের সময় সংসদে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপির সাংসদেরা হইচই করে সংসদ ছেড়ে চলে যান। অবশ্য কয়েক মিনিটের মধ্যে আবার তাঁরা ফিরে আসেন।জিল্লুল হাকিম তারেক জিয়াকে ‘মহাচোর’ বলায় বিএনপি যখন ওয়াকআউট করছিল, তখন স্পিকার বলতে থাকেন, ‘আমি তো বলেছি, অসাংবিধানিক বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। নিজেরা বক্তব্য দেবেন একই ভাষায় আর এভাবে চলে যাবেন, এটা ঠিক নয়।’ এর আগে বিএনপির রাশেদা বেগম আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে সবই দিয়ে এসেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের এখন বন্ধুত্ব নয়, দাসত্ব চলছে। শেখ হাসিনা তাঁর ছেলে জয়কে কেবল বিধর্মী বিয়েই করাননি, তাঁকে দিয়ে ইসলাম এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কথাও বলাচ্ছেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের ওপর গবেষণা করে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন। সরকারের অব্যবস্থাপনার কারণেই এ দুর্ভিক্ষ হয়েছে।জিল্লুল হাকিম বলেন, তারেক রহমান কোনো প্রাতিষ্ঠানিক পরীক্ষায় পাস করতে পারেননি, পাস করেছেন কেবল দুর্নীতিতে। জোট সরকারের আমলে শুধু খাম্বা পুঁতে সাড়ে ছয় হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যাকারী ছাড়া আর কিছু বলতে পারি না। কারণ তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর হাজার হাজার লোককে হত্যা করেছেন।’বিএনপির নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের কথা ও কাজে কোনো মিল নেই। সাংসদদের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করার কথা বলা হলেও আমাকে দিয়েছে একটি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে ২০টি প্রতিষ্ঠানের সভাপতির পদ।’ গতকালের ব্যতিক্রমী বক্তা ছিলেন সরকারি দলের ইমাজউদ্দিন প্রামাণিক। তাঁর বক্তব্যের সময় সরকারি ও বিরোধী দল দুই দিকেই তালি পড়ে। ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, জিয়ার আমলে তো বিএনপি ভালোই ছিল। সমস্যা হয়েছে, যখন জামায়াত তাদের কাঁধে ভর করেছে।আওয়ামী লীগের আবদুল মান্নান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন সম্পর্কে বলেন, সরকার উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করেছে। সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। উচ্চ আদালত থেকে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পর কোনো অবৈধ স্বৈরশাসকের নামে দেশে আর কোনো স্থাপনা থাকতে পারে না। আদালতের রায়ের কারণে জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে। খালেদা জিয়ার অফিসে বোমা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিশ্চয়ই এ ঘটনার তদন্ত করছে। তবে এমন খবর শোনা যাচ্ছে, শিবিরের সন্ত্রাসীরা বিএনপিকে তাদের সঙ্গে মাঠে নামাতে পরিকল্পিতভাবে ওই বোমা পুঁতে রেখেছিল। জাতীয় পার্টির মুজিবুল হক মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে বলেন, মওদুদ যখন যে দল করেন, তখন তার স্তুতি করেন। আর পরে এসে সেই নেতার বিরুদ্ধে বলেন। এটাই তাঁর নীতি। তিনি বলেন, ‘আমি ও উনি (মওদুদ) এক দল করতাম। ক্ষমতায় থাকাকালে আমার নেতা এরশাদের নামে আর্মি স্টেডিয়ামের নামকরণের প্রস্তাব তিনিই করেছিলেন। এরশাদ নাম রেখেছিলেন চন্দ্রিমা উদ্যান। উনি (মওদুদ) পরিবর্তন করেন। এরশাদ উপজেলা করেছিলেন। উনি বাতিল করেন।’ তিনি আরও বলেন, তবে বিএনপি এরশাদকে স্বৈরাচার বললেও, এরশাদ সরকারের সব কাজকে খারাপ বললেও খালেদা জিয়াকে এরশাদ সাহেব যে দুটি বাড়ি দিয়েছিলেন, তা ফেরত দেননি। এটাই তাদের রাজনীতি।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা উচিত ছিল।প্রথম আলোয় প্রকাশিত ভিওআইপি ব্যবসায় প্রতি সপ্তাহে ৪০-৫০ কোটি টাকার ক্ষতি প্রসঙ্গে আন্দালিব রহমান বলেন, সরকারের মালিকানাধীন বিটিটিবির নম্বর দিয়ে বিদেশের কল আসে। তিনি সংবাদপত্রটি তুলে ধরে বলেন, ‘ছবি দেখুন, কোন মামলা প্রত্যাহার হচ্ছে। সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের এই মামলা প্রত্যাহার হচ্ছে।’আওয়ামী লীগের আনোয়ার আশরাফ খান শুরুতেই সংসদে ভীতিকর পরিস্থিতির কথা বলেন। তিনি বলেন, ‘আমি শঙ্কিত, কারণ পেছনে বসা নারী সাংসদেরা যেভাবে রণরঙ্গিনী রূপ নিয়ে আঙুল উঁচিয়ে চিত্কার করছেন, তাতে কেবল বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিলেই চলবে না; ব্যবস্থা নিতে হবে।’ তাঁর এই বক্তব্য শেষে অবশ্য স্পিকার বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নেব ইনশাআল্লাহ।’আজ বুধবার বিকেল তিনটায় আবার অধিবেশন শুরু হবে।