আবার আগুন আতঙ্ক, শতাধিক পোশাকশ্রমিক আহত
আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আজ বৃহস্পতিবার সাভারের রাজাসন ও হেমায়েতপুর এলাকায় দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। নামতে গিয়ে অনেক শ্রমিক পদদলিত হন। তাঁদের সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ওই দুই কারখানায় ছুটি ঘোষণা করেছে।সাভার থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, বিকেল চারটার দিকে সাভারের রাজাসন এলাকার ভিশন অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানার ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি টিউবলাইট ফেটে ধোঁয়া বের হয়। এ সময় কয়েকজন শ্রমিক ‘আগুন, আগুন’ বলে চিত্কার করলে ওই তলার শ্রমিকেরা কাজ বন্ধ করে ছুটোছুটি করতে থাকেন। এ সময় কারখানার ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা যে যাঁর মতো হুড়োহুড়ি করে নামতে গিয়ে পড়ে যান এবং পদদলিত হন। এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হন।শ্রমিকদের অভিযোগ, খবর পেয়ে শ্রমিকদের স্বজনেরা কারখানার সামনে ছুটে যান। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। এতে উত্সুক জনতার মধ্যে শ্রমিক মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তাঁরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে লাশ গুম করার অভিযোগ করেন।এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন কারখানার চতুর্থ তলার শ্রমিক শেফালী বেগম জানান, ‘আগুন, আগুন’ চিত্কার ও অ্যালার্ম শুনে তিনি কাজ বন্ধ করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। নামার সময় মানুষের চাপে তিনি সিঁড়িতে পড়ে যান। অন্য শ্রমিকেরা তাঁকে পদদলিত করে নেমে যান। এতে তিনি পায়ে ও বুকে আঘাত পান। একই রকম অভিজ্ঞতার কথা বলেন তৃতীয় তলার শ্রমিক হাবিবুর রহমান। কারখানার মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল কবির বলেন, তৃতীয় তলার একটি লাইট ফেটে সামান্য ধোঁয়া বের হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে শ্রমিকেরা আহত হন। এদিকে, বিকেল সাড়ে তিনটার দিকে সাভারের হেমায়েতপুরের ক্রিশ্চেন লেদার লিমিটেডেও একই ঘটনা ঘটে। আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের অধিকাংশই সিড়ির রেলিং ভেঙে নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁদেরও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কারখানার আহত শ্রমিক সোহেল মিয়া জানান, তিনতলা ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাসপাতালে দুটি প্রতিষ্ঠানের ৫০ জন শ্রমিক ভর্তি হয়েছেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কারখানা দুটির অনেক শ্রমিক আহত হয়েছেন। তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে। কেন এ ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুরেও আতঙ্ক, আহত ১৫গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নিচে নামার সময় ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা সবাই সুইং শাখার অপারেটর ও হেলপার। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মেঘনা গ্রুপের মেঘনা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।আহত কর্মীদের মধ্যে শিল্পী আক্তার (২৪) ও লোকমান হোসেন (২৭) নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় মাওনা চৌরাস্তায় এ কে মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন।কারখানার মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স শাখার মহাব্যবস্থাপক (জিএম) মীর মঈন হুসাইন সাংবাদিকদের জানান, কারখানার ছয় তলায় কাটিং শাখার টিউবলাইট বিস্ফোরিত হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সুইং শাখার ১৫ জন শ্রমিক আহত হন। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় তাত্ক্ষণিকভাবে কারখানা ছুটি ঘোষণা করা হয়। আহত কর্মীদের কারখানার ব্যবস্থাপনায় চিকিত্সা দেওয়া হচ্ছে।গত শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিক নিহত হন। এর পর থেকে এই অঞ্চলের শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক তৈরি হয়েছে। শ্রমিকেরা সামান্য ধোঁয়া দেখলেই হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হচ্ছেন। গত এক সপ্তাহে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে।