আবার আঘাত আসতে পারে সবাইকে প্রস্তুত থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনা উল্লেখ করে বলেছেন, আবার আঘাত আসতে পারে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আর যেন অশুভ শক্তি আঘাত করতে না পারে, স্বাধীনতাবিরোধীদের গাড়িতে যেন পতাকা না ওড়ে।আজ রোববার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মুখপত্র উত্তরণ-এর প্রথম সংখ্যার প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি মাসিক উত্তরণ-এর মোড়ক উন্মোচন করে প্রকাশনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ প্রচারে দুর্বল নয়, তবে অপপ্রচারে দুর্বল। টেলিভিশন টক শোতে দেখা যায়, বিরোধী পক্ষের মিথ্যার তোড়ে আমাদের পক্ষের যিনি থাকেন, তিনি সত্যটা বলতেও ভুলে যান। আমাদের আদর্শে বিশ্বাসীরাও অনেক সময় বিরোধী পক্ষের অপপ্রচারের ফলে একটা কলাম লিখে ফেলেন। পান থেকে একটু চুন খসলেই বলা হয়, গেল গেল সবই গেল।’ তিনি বলেন, সমালোচনা করতে চাইলে করা যায়। আর যিনি কাজ করেন, তাঁর সমালোচনা হবেই। বঙ্গবন্ধু বলতেন, যে গাছে ফল আছে, সে গাছেই ঢিল পড়ে। নিষ্ফলা গাছে ঢিল পড়ে না।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেছে। ফ্যাক্স ও কম্পিউটার এ দেশে অনেক পত্রিকা অফিসে ব্যবহারের আগে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যবহূত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ যত কাজ করে, তার প্রচার আরও হওয়া উচিত। গত দুই বছরে অনেক কাজ করা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ তৈরি করতে গিয়ে দেখা গেছে, মন্ত্রণালয়ভিত্তিক কাজের ইতিহাসে তা অনেক বড় হয়েছে। ফলে রাষ্ট্রপতির ভাষণ সংক্ষিপ্ত করে বাকি অংশ টেবিলে উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘আমাদের দেশে নেতিবাচক খবরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক দিন ধরেই আমি এ বিষয়টি লক্ষ করেছি। তবে মানুষকে মিথ্যা দিয়ে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। সত্যটা বলতে হবে।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমি রাজনৈতিক পর্যবেক্ষক ছিলাম। তবে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যা করেছি, তা আনন্দের সঙ্গে করেছি।’উত্তরণ-এর সম্পাদক ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ উল আলম লেনিন বলেন, উত্তরণ শুধু আওয়ামী লীগের মুখপত্র নয়, একে জনগণের মুখপত্রে পরিণত করা হবে। অসীম কুমার উকিলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্ব করেন এইচ টি ইমাম।