আবার আন্দোলনে বিমানকর্মীরা, আজ থেকে টানা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায় না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। গতকাল সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচির পর সন্ধ্যায় সিবিএ ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান ধর্মঘটের ঘোষণা দেন। এর আগে সাত দফা দাবিতে একদল শ্রমিক-কর্মচারী বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে গত রোববার বেলা আড়াইটা থেকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। এরপর গতকাল সকাল নয়টা থেকে দিনভর বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। ফলে বিমানের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে পারেননি। কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে বিকেল পাঁচটার মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। পরে সন্ধ্যা ছয়টায় লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন বিমান শ্রমিক লীগের সভাপতি।দাবির মধ্যে রয়েছে: বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিভাগীয় মামলা প্রত্যাহার, বিমানের জনবলকাঠামো বাস্তবায়ন, শতভাগ মেডিকেল ভাতা পুনর্বহাল, পোশাকের (ইউনিফর্ম) টাকা সংস্থা থেকে প্রদান, আহার-ভাতা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, ৫ থেকে ২২ বছর পর্যন্ত যেসব কর্মী দৈনিক ভিত্তিতে (ক্যাজুয়াল) কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা প্রভৃতি।মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আন্দোলনে যেতে চাইনি। সম্ভাব্য সব জায়গায় আমাদের দাবির কথা জানিয়েছি। বিমানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমাদের দাবি মানা হয়নি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’শ্রমিকেরা ধর্মঘটে গেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে। আর সে ক্ষেত্রে দেশের প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।গত রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, সিবিএর ধর্মঘট আহ্বান সত্ত্বেও বিমানের স্বাভাবিক ফ্লাইট পরিচালনা ঠিক রাখা হবে। সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে বিকেলে বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো রূপ পূর্ব ঘোষণা ও আলোচনা ছাড়াই সিবিএ এই আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে গতকাল বেলা একটায় বিমানের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এমডির সভাপতিত্বে সব পরিচালক, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা হয়। সভায় বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের সব দাবি আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সম্ভব। তবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী এ ধরনের ধর্মঘট আহ্বান অপ্রত্যাশিত। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সভায় ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের আজ থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে কোনো রকম একাত্মতা নেই এবং তাঁরা এ ধরনের নিয়মবহির্ভূত আন্দোলনকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত, উল্লিখিত দাবিসহ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে গত বছরের ৫ মার্চ থেকে বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। ঐক্য পরিষদের আহ্বায়ক ছিলেন মশিকুর রহমান। পরে বিমানমন্ত্রী ফারুক খান পরিষদের নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা আন্দোলন স্থগিত করেন।মশিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে বিমানমন্ত্রী গত মার্চে আমাদের চারটি দাবি মেনে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তাঁরা কোনো দাবি পূরণ না করে উল্টো আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেন। তাই দাবি পূরণে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি।’