আবার উন্মাদনার রাজ্যে
অনেক দিনই ক্রিকেট উন্মাদনার রাজ্য এই উপমহাদেশ। তিন মহাদেশ ঘুরে আবার সেখানে ফিরে এল বিশ্বকাপ। লিখেছেন তারেক মাহমুদমিরপুর ১০ নম্বরের ফায়ার ব্রিগেড অফিসের পাশের ফুটপাতে অদ্ভুত একটা ভিড় লেগে থাকে সব সময়। ফায়ার ব্রিগেডের কর্মীরা ভেতরে নানা রকম মহড়া দেন। কী এক দুর্নিবার আকর্ষণে ফুটপাতের গ্রিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব মোহাবিষ্টের মতো উপভোগ করে মানুষ!একটু সরে সেই ভিড়টাই কি পাশের শেরেবাংলা স্টেডিয়ামের প্রবেশদ্বারে চলে এল এখন! দিন নেই, রাত নেই, মানুষের ভিড়। বিশ্বকাপ উপলক্ষে প্রবেশদ্বারে ভাস্কর্য বসেছে। প্রকাণ্ড তিনটা স্টাম্পে বল লেগে ওপরের একটা বেল যেন ছিটকে যাচ্ছে। আরেকটা ভাস্কর্য একজন বোলারের। নান্দনিকতায় দুটোই বেশ সাদামাটা। তার পরও মানুষের আগ্রহের কমতি নেই। স্টেডিয়ামের সামনের রাস্তার ওপর ঝুলিয়ে দেওয়া নীলাভ বাতিগুলো আকর্ষণের আরেকটা কারণ।বাংলাদেশ তো শুধু না, সম্ভবত উপমহাদেশেরই এটা ‘কমন’ দৃশ্য। কারণে-অকারণে রাস্তায় দাঁড়িয়ে ভিড় জমানো, যেকোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো। এটা ভাবলে অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় করা মানুষের আগ্রহটা স্বাভাবিকই ঠেকে। অতিরিক্ত কৌতূহলপ্রবণ মানুষের দেশেই কিনা হচ্ছে বিশ্বকাপ! মানুষ যে বিশ্বকাপের সাজসজ্জাকে হাত দিয়ে ধরে দেখতে চাইছে না, এটাই তো বেশি!বিশ্বকাপ উপলক্ষে ঢাকা-চট্টগ্রামে এখন সাজ সাজ রব। দেশের বাকি শহরগুলোতেও আছে বিশ্বকাপ দেখার প্রস্তুতি। মাঠে গিয়ে সবার খেলা দেখা হবে না, তার পরও এ দেশের মানুষ আগামী এক-দেড় মাস বিশ্বকাপে এতটাই মজে থাকবে যে অফিস-আদালতে কাজের গতি মন্থর হবে নিশ্চিত। এর মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের দিন রাজধানী ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ম্যাচের দিনগুলোতেও বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান। আর যদি সাকিব আল হাসানরা বিশ্বকাপে ভালো খেলতে থাকে, দু-একটা ম্যাচ জিতে যায়, এ দেশের মানুষকে ঠেকানো যাবে না।উপমহাদেশে এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ হচ্ছে। এর আগে ১৯৮৭ সালে ভারতে হয়েছে, ১৯৯৬ সালে হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলিয়ে। এবার নতুন সংযোজন বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা আর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেও হওয়ার কথা ছিল ২০১১ বিশ্বকাপ। কিন্তু দুর্ভাগ্য পাকিস্তানের। লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর বন্দুধারীদের হামলার মাশুল বিশ্বকাপের স্বাগতিকের মর্যাদা হারিয়ে দিতে হলো তাদের! উপমহাদেশের এবারের বিশ্বকাপ তাই শোকেরও। আর যাই হোক, পাকিস্তানের সাধারণ মানুষ তো বঞ্চিত হলো বিশ্বকাপের রং দেখা থেকে! বন্দুক হামলার দোষ তো আর তাদের নয়।পাকিস্তান বিশ্বকাপ হারানোর শোক ভুলতে চাইবে মাঠের খেলায়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার জন্য মাঠ হবে বাড়তি পাওয়ার মঞ্চ। ঘরের মাঠের বিশ্বকাপ ঘরে রেখে দেওয়ার স্বপ্ন তাদের চোখে। বাংলাদেশের জন্য স্বপ্নটা বাড়াবাড়ি, তবে স্বপ্ন দেখলে বড় করে দেখাই ভালো।উপমহাদেশের আগের দুটি বিশ্বকাপ আশার পালে ফিফটি-ফিফটি হাওয়া দিচ্ছে। ১৯৮৭-এর বিশ্বকাপ আয়োজন করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সেবার ফাইনালেই উঠতে পারেনি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন আর ইংল্যান্ড হয়েছিল রানার্সআপ। তবে ১৯৯৬-এর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। কাজেই বিশ্বকাপ যখন উপমহাদেশে, এটার অপর নাম ‘উন্মাদনা’ হয়ে দাঁড়ালেও শিরোপার প্রশ্নে দুই রকম সম্ভাবনাই থাকে।তবে উপমহাদেশের বিশ্বকাপ প্রতিবারই নতুন কিছু দিচ্ছে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বাইরে হওয়া প্রথম বিশ্বকাপটা যেমন দুই প্রান্তেই দাঁড় করিয়েছিল নিরপেক্ষ আম্পায়ার। এ ছাড়া ৬০ ওভারের জায়গায় সেই বিশ্বকাপেই প্রথম খেলা হলো ৫০ ওভারে। ১৯৯৬-এর বিশ্বকাপে শুধু ফরম্যাটই বদলাল না, থার্ড আম্পায়ারও যোগ হলো প্রথম। ১৯৯২-এর বিশ্বকাপে ১৫ ওভারের ফিল্ডিং বিধিনিষেধ আরোপিত হলেও সেটার আসল ব্যবহার দেখা গেল ১৯৯৬তে। ওই বিশ্বকাপের আরেকটা নাম তাই ‘পিঞ্চ হিটিং কাপ’।উপমহাদেশের বিশ্বকাপে এবারও আছে কিছু নতুনত্ব। ওয়ানডেতে এই বিশ্বকাপেই প্রথম দেখা যাবে রেফারেল পদ্ধতি।১৯৯৬ সাল থেকে উপমহাদেশের বিশ্বকাপের সঙ্গী হয়েছে একটা কলঙ্কও। নিরাপত্তা তখন থেকেই এখানে বড় প্রশ্ন হয়ে ওঠে। টুর্নামেন্ট শুরুর আগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ দল গ্রুপ পর্বের ম্যাচ খেলেনি কলম্বোতে। সেবার কলকাতার ইডেন গার্ডেনের উদ্বোধনী অনুষ্ঠানটাও দিয়েছিল বড় লজ্জা। গঙ্গার মাতাল হাওয়ায় বহুল আলোচিত লেজার শোর পর্বটা পণ্ডই হয়েছিল এক রকম। এ ছাড়া একই মাঠে শ্রীলঙ্কা-ভারত সেমিফাইনালে কলকাতার দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ তিক্ত স্মৃতি হয়ে আছে ওই বিশ্বকাপের।বিশ্বকাপ যখন আবারও উপমহাদেশে, সংশয়গুলো থাকছেই। বরং নিরাপত্তার ব্যাপারটা এবার একটু বেশিই আলোচনায় আসছে। পাকিস্তানের নাম তো এ কারণে কাটাই পড়ে গেল স্বাগতিকের তালিকা থেকে, বাকি তিনটা আয়োজক দেশ নিয়েও অনেক দুশ্চিন্তা। তবে সবার আগে আলোচনায় সেই ইডেন গার্ডেনই! পুরো প্রস্তুত নয় বলে তো এর মধ্যেই কলকাতার এই মাঠ থেকে একটা ম্যাচ চলে গেল বেঙ্গালুরুতে! শেষ মুহূর্ত পর্যন্ত শঙ্কা ছিল শ্রীলঙ্কার দু-একটা ভেন্যু নিয়েও। দিল্লিতে কমনওয়েলথ গেমসের অভিজ্ঞতার পর উপমহাদেশে বড় আয়োজন নিয়ে ভয় থাকাটা অস্বাভাবিক নয়।এই লেখা লেখার সময় শেষ মুহূর্তের কাজ চলছিল বাংলাদেশের ভেন্যুগুলোতে। তবে আশার কথা, আইসিসি অন্তত বাংলাদেশের প্রস্তুতি নিয়ে নিশ্চিন্ত। মাঠে হাসি ফোটানোর ভারটা সাকিবদের হাতে ছেড়ে দিয়ে আশা করা যাক, মাঠের বাইরের বিশ্বকাপটাও বাংলাদেশ মনে রাখার মতো করবে।