হল-মার্কের জালিয়াতির অর্থ পুনঃ তফসিল এবং প্রতিষ্ঠানটিকে নতুন করে ঋণ দেওয়ার সরকারি ভাবনায় বিস্ময় প্রকাশ করেছেন আর্থিক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, হল-মার্ক জালিয়াতি করে টাকা নিয়েছে, এটা কোনো ঋণ নয়। জালিয়াতির অর্থ পুনঃ তফসিলের কোনো বিধান দেশে নেই।বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহউদ্দিন আহমেদ এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ হল-মার্কে আবার ঋণ দেওয়ার সরকারি ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা প্রথম আলোকে বলেন, এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয়।দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হল-মার্ক ফন্দিফিকির করে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দুই হাজার ৬৮১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এই জালিয়াতি করতে গিয়ে তাদের নানা জায়গায় অর্থ দিতে হয়েছে। এই অর্থের পরিমাণ ৩০০ কোটি টাকার মতো বলে জানা গেছে। হল-মার্কের মালিকপক্ষ গ্রেপ্তারের পর দুদকের কাছে এ কথা বললেও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তা উল্লেখ করেনি। এই আর্থিক জালিয়াতির জন্য ইতিমধ্যে দুদক বেশ কয়েকটি মামলা করেছে।আর্থিক খাত-সংশ্লিষ্ট সূত্র বলছে, হল-মার্কের মালিকপক্ষকে জামিনে বের করে আনা, ঋণ পুনঃ তফসিল, নতুন ঋণ দিয়ে কারখানা চালু রাখার চেষ্টায় একটা গোষ্ঠী সরকারকে প্ররোচিত করছে। ওই গোষ্ঠীই এই অর্থের সুবিধাভোগী। হল-মার্কের মালিকপক্ষ আইনি প্রক্রিয়ায় সাজা পেতে পারে, এমন পরিস্থিতি তৈরি হলে হয়তো সুবিধাভোগীদের নাম প্রকাশ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় সরকারকে নানাভাবে প্ররোচিত করা হচ্ছে।গত বুধবার ৩১ বছর আগের কিছু ঋণখেলাপির ব্যাপারে তৎকালীন সরকারের উদাহরণ টেনে অর্থমন্ত্রী গণমাধ্যমের কাছে হল-মার্ক কেলেঙ্কারির অর্থ পুনঃ তফসিল করার সম্ভাব্যতার কথা বলেন। কিন্তু ১৯৮২ সালে এমন কোনো ঘটনার নজির মনে করতে পারেন না সে সময়কার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘এ-জাতীয় ঋণ পুনঃ তফসিল বা পুনর্গঠনের কথা জানি না। ওই সময় গৃহায়ণ, ঋণ ও পাট খাতে কিছু ঋণ ছিল। করপোরেশনেরও কিছু ঋণ ছিল। আর ১৯৮২ সালে দেশে কোনো বেসরকারি ব্যাংকও ছিল না।’ তবে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বেক্সিমকো, ইসলাম গ্রুপ, প্যাসিফিক মোটরসহ কয়েকটি কোম্পানির কিছু বেনামি ঋণের দায় স্বীকার করিয়ে সেগুলোর পুনঃ তফসিল, পুনর্গঠনের তথ্য পাওয়া যায়। সেসব ঋণ ছিল ছোট ছোট এবং তা নেওয়া হয়েছিল শাখা পর্যায়ের সীমার (৯৯ লাখ টাকা পর্যন্ত) মধ্যে বিভিন্ন নামে; যার দায় স্বীকার করিয়ে কোম্পানিগুলোর নামে তা পুনঃ তফসিল করানো হয়।সাবেক ডেপুটি গভর্নর আতাউল হক জানান, তিনি নির্বাহী পরিচালক থাকাকালে এগুলো ধরা পড়ে। কোটি টাকার ওপরে হলে সহজে ধরা পড়ে যাবে—এই বিবেচনায় ব্যবসায়িক গোষ্ঠীগুলো এর কম অঙ্কে অনেক শাখা থেকে এই ঋণগুলো নিয়েছিল। পরে এগুলো একত্র করে দায় স্বীকার করে পুনঃ তফসিল করানো হয়।অর্থমন্ত্রী বুধবার সংবাদমাধ্যমের কাছে আরও বলেন, হল-মার্ক যে টাকা নিয়ে গেছে, তা জনগণের টাকা। এ টাকা উদ্ধার করতে হবে। উদ্ধারের জন্য দরকার কারখানা চালু। আর সে জন্যই ওদের আরও ঋণ দরকার।এ বিষয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথম থেকেই একটা প্রচেষ্টা ছিল হল-মার্ক কেলেঙ্কারির অর্থ ২০ বছরের পুনঃ তফসিল করা। কিন্তু এটা তো ঋণ হিসেবে বিতরণ করা হয়নি। ফলে এ প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক প্রথম থেকেই বিরোধিতা করেছে। তিনি আরও বলেন, সোনালী ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছিল, টাকা আদায় করা দরকার। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিবেচনা ছিল জালিয়াতির একটা সাজা হওয়া জরুরি। এত বড় কেলেঙ্কারির শাস্তি না হলে ভবিষ্যতে ক্ষতি হবে। উপরন্তু যে জামানত অর্থাৎ সম্পদ ব্যাংকের কাছে গচ্ছিত আছে, তা দিয়ে টাকা আদায় হবে না। সে জন্য ঠিক করা হয়, হল-মার্কের সব সম্পদ যাতে আদালতের মাধ্যমে জব্দ করা যায়, সে ব্যবস্থা নিতে হবে। আর সোনালী ব্যাংক যেহেতু বৃহৎ ব্যাংক, তাই তার তেমন সমস্যা হওয়ার কথা নয়।জানা গেছে, এক হাজার ২০০ শাখার এই ব্যাংকে ইতিমধ্যে আমানত বৃদ্ধি পেয়েছে। তারল্যসংকটও অনেকটা পুষিয়ে গেছে। যে কারণে বলা হচ্ছে, মূলধনে যে ঘাটতি তা সরকার বাজেট থেকে বরাদ্দ দিয়ে মেটাতে পারে অথবা সোনালী ব্যাংক বছর বছর মুনাফা থেকে তা সমন্বয় করাতে পারে।অন্যদিকে হল-মার্কের কয়েক হাজার শ্রমিকের চাকরি হারানোর যে কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, সে প্রসঙ্গে পোশাকশিল্প মালিকদের দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে পরিষ্কার করে বলেছে যে হল-মার্কের শ্রমিকদের চাকরি পেতে কোনো সমস্যা হবে না। বিজিএমইএর সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের কারখানাগুলোতে ২০ থেকে ২৫ ভাগ শ্রমিকের ঘাটতি আছে। ফলে হল-মার্কের শ্রমিকদের তাঁদের কারখানাগুলোতে চাকরি দেওয়া সম্ভব।