আবার কর্মচঞ্চল সোনিয়া
অস্ত্রোপচার শেষে দেশে ফেরার এক সপ্তাহ পর আবার কাজ শুরু করলেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। উত্তর প্রদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থী চূড়ান্ত করতে দলের নির্বাচনী কমিটির সভায় গতকাল বৃহস্পতিবার তিনি সভাপতিত্ব করেন। কংগ্রেসের মুখপাত্র জনার্ধন দ্বিবেদী বলেন, সোনিয়া গান্ধী স্বাভাবিকভাবেই এক ঘণ্টার সভাটি পরিচালনা করেছেন। ওই সভায় প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। সভা শেষে সোনিয়া তাঁর সঙ্গেও বৈঠক করেন। তবে আগের মতো পুরোদমে কাজে ফিরতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে বলে জনার্ধন মন্তব্য করেন। সরকারি কোনো পদে না থেকেও ভারতের বর্তমান রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী সোনিয়া গান্ধী। ইতালীয় বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী ভারতীয় এই রাজনীতিবিদ সরকারের প্রধান নীতিনির্ধারক।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সোনিয়া গান্ধী প্রায় এক মাস আগে চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে অস্ত্রোপচার শেষে এক সপ্তাহ আগে তিনি ভারতে ফেরেন। তাঁর অসুস্থতার বিষয়ে পরিবার, কংগ্রেস ও সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি নিউইয়র্কের একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতালে চিকিত্সা করিয়েছেন। দীর্ঘ সময় পর দলীয় কর্মকাণ্ডে সোনিয়ার অংশগ্রহণ নেতা-কর্মীদের চাঙা করবে বলে মনে করা হচ্ছে। সোনিয়ার অনুপস্থিতিতে সরকার বেশ কিছু বিষয়ে বেকায়দায় পড়ে। সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন সামাল দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার কিছুটা ব্যর্থ হয়েছে বলে সমালোচকেরা দাবি করেন। তাঁদের অনেকেই বলছেন, সোনিয়া দিল্লিতে থাকলে ওই পরিস্থিতি হয়তো অন্যভাবে সামাল দেওয়া হতো।