আবার কৃষকের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে ৩৫ দিনের মাথায় আবার এক কৃষকের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর নাম গোলাম নবী (৫৫)। বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। আজ মঙ্গলবার সকালে গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হচ্ছেন: একই গ্রামের মেরাজ উদ্দিনের স্ত্রী ফরেজান বেগম ও তাঁর ছেলে আবদুর রহিম। পুলিশ জানায়, আজ সকালে কৃষকেরা কাজে যাওয়ার সময় উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের ফসলের খেতে মাথাহীন একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথা এখনো পাওয়া যায়নি।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রামের এক ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।গত ১০ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে দুর্বৃত্তরা আবদুল হান্নান নামের একজন দরিদ্র কৃষকের মাথা কেটে নিয়ে যায়। সেই মাথাটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। খুনের রহস্যও উদঘাটন করতে পারেনি।