আবার ক্ষমতায় আসার কোনো গ্যারান্টি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘তিন বছর পার হয়েছে। সময় আর বেশি নেই। গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে আবার আমরা ক্ষমতায় আসব। তাই যা করার এখনই করতে হবে।’জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলের আইপিডি সম্মেলনকক্ষে গতকাল রোববার বিকেলে অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ (এপিপিজি) আয়োজিত আলোচনা সভায় স্পিকার এ কথা বলেন। ‘লিডারশিপ ওরিয়েন্টেশন কর্মসূচি, অবহেলিত হাওর-জনপদ ও আইনপ্রণেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক।ওই সভায় স্পিকার আবদুল হামিদসহ মহাজোটের শরিক দলের সাংসদেরা বলেছেন, গত তিন বছরে হাওর ও উপকূল অঞ্চলে উন্নয়ন হয়নি। উন্নয়নের লক্ষ্যে সুপারিশ তৈরি হলেও তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা হাওর ও উপকূল অঞ্চলের উন্নয়নে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী নদী খননের কথা বলছেন। আর সরকারি দপ্তর নদী, জলমহাল লিজ দিচ্ছে। জলবায়ু তহবিল দিয়ে পার্ক হচ্ছে। অথচ মানুষের ঘর ভেসে যাচ্ছে, উপকূলের মানুষ উদ্বাস্তু হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশে থাকা অনেকে অনেক সময় তাঁকে হয়তো সঠিক পরামর্শ দিতে ভুলে যান। স্পিকার আরও বলেন, হাওর উন্নয়ন বোর্ড হলেও তিন বছরে এর মাত্র একবার বৈঠক হয়েছে। অথচ প্রধানমন্ত্রী নিজেই হাওর উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন। জাতীয় পার্টির সাংসদ আবদুল জব্বার বলেন, হাওর অঞ্চলের মতো দেশের উপকূলও পরিবেশ বিপর্যয়ের মুখে। বিস্তীর্ণ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আওয়ামী লীগের শফিকুল আজম খান বলেন, কপোতাক্ষ নদ ভরাট হয়ে যাওয়ায় এলাকায় প্রতিবছরই জলাবদ্ধতা বাড়ছে।জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, হাওর অঞ্চলের সমস্যা সমাধানে সুপারিশ করা হয়েছে। সংসদে তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। সাংসদ নূর আফরোজ আলী বলেন, গবেষণা বলছে, উপকূল সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে। এখনই সতর্ক হতে হবে।সভায় পৃথক তিনটি প্রবন্ধ উত্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা। সভা পরিচালনা করেন এপিপিজির সদস্যসচিব শিশির শীল।