আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচদিনের মধ্যে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে গতকাল শুক্রবার হাতফ-২ ও ১১ ফেব্রুয়ারি হাতফ-৯ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। উভয় পরীক্ষায়ই সফল হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর তথ্যের বরাত খবরে বলা হয়, ভূমি থেকে ভূমিতে ছোড়ার যোগ্য হাতফ-টু বা আবদালি নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা দেশটির ‘স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ পরীক্ষার একটি অংশ ছিল। পরীক্ষাটি সফল হিসেবে দাবি করেছে তারা। এটি ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি ‘প্রায় নির্ভুলভাবে’ পারমাণবিক বা প্রচলিত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের রণকৌশলগত সক্ষমতার প্রমাণ বলে ওই বিবৃতিতে বলা হয়।এর আগে ১১ ফেব্রুয়ারি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের হাতফ-৯এর পরীক্ষা চালায় পাকিস্তান। এটি ৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।