আবার গানের জগতে আসিফ
আবারও গানের জগতে ফেরার আভাস দিলেন আসিফ আকবর। শুক্রবার যমুনার তীরে অনুষ্ঠিত ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সমালোচকের রায়ে সেরা গায়কের পুরস্কার পাওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে আসিফ বলেন, ‘আমি অনেক দিন ধরে গানের বাইরে আছি। কিন্তু মঞ্চে ওঠার পর বেশ অবাকই হয়েছি। দেখছি, উপস্থিত হাজার হাজার দর্শক এখনো আমার গান মনে রেখেছে। তা ছাড়া আমি গান থেকে অব্যাহতি নিয়েছিলাম নতুনদের পথ তৈরি করে দেওয়ার জন্য। এখন দেখছি, তা হয়নি। এবার নতুনদের নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই।’আসিফ আরও বলেন, ‘গত দুই বছর বিভিন্নভাবে আমাকে অনেকেই গানে ফেরার জন্য অনুরোধ করেছেন। এসব দিক বিবেচনা করেই আবার গানে ফেরার কথা ভাবছি। তবে সাদামাটাভাবে নয়। যেভাবে সংবাদ সম্মেলন করে বিদায় নিয়েছিলাম, ঠিক সেভাবে আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গানে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দেব।’২০০৯ সালে চলচ্চিত্রের গান থেকে অবসর নেন আসিফ। ২০১০ সালের ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি অডিও শিল্পের নানা অনিয়মের কথা বলে অডিও থেকেও অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই শিল্পী।