ভারতের সঙ্গে সম্পাদিত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তিকে আরেকটি গোলামি চুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দাবি করেন, সরকার আবার গোলামি চুক্তি করেছে ভারতের সঙ্গে। এই চুক্তির কারণে এ দেশের মানুষ আবারও ২৫ বছরের জন্য শৃঙ্খলিত হলো। শৃঙ্খলমুক্ত বাংলাদেশের জন্য এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।পল্টন ময়দান থেকে বিএনপির গণমিছিল শুরুর আগে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন খালেদা জিয়া। সরকার জনগণের জন্য কাজ না করলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।এর আগে সোয়া পাঁচটায় খালেদা জিয়া পল্টন ময়দানে এসে পৌঁছান। পাঁচটা ২০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। খালেদা জিয়া আসন্ন রমজান মাসে দরিদ্র মানুষের কাছে কম মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ভারতের সঙ্গে গোলামি চুক্তি করে। স্বাধীনতার পর এক চুক্তির কারণে এ দেশের মানুষকে ২৫ বছর ভারতের গোলামি করতে হয়েছে। এবারও তারা আরেক গোলামি চুক্তি করেছে। তিনি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং অসম চুক্তি বাতিলের দাবি জানান। বেশি সুদে ভারতের সঙ্গে ঋণ চুক্তি করা হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবির কাছ থেকে ঋণ নিয়ে ৪০ বছরে শোধ করা যেত। অথচ ভারতের এই ঋণ ২৫ বছরের মধ্যে শোধ করতে হবে।খালেদা জিয়া বলেন, ‘চুক্তি প্রকাশ করুন। আমাদের টাকায় অন্য দেশের স্বার্থ হাসিল হতে দেওয়া হবে না। কোনো বিদেশি শক্তির দাসত্ব করে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’মিছিলপূর্ব সমাবেশে প্রায় ৩০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া বিরোধী দলের ওপর দমন-নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেন। জনগণের জন্য কাজ না করলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার কোনো কাজ করতে পারছে না। কেননা তারা প্রশাসনের যোগ্যদের বাদ দিয়ে বা ওএসডি করে রেখে দলীয় অযোগ্যদের সেখানে বসাচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যোগ্যদের আবার নিয়োগ দেওয়া হবে।খালেদা জিয়া বলেন, সরকার বিরোধী দলকে সংসদে কথা বলতে দেয় না। স্পিকারের ভাষায় ওটা চিড়িয়াখানা বা মাছের বাজার। এখানে কথা বলে লাভও হয় না।বক্তব্য শেষে বিকেল পাঁচটা ৫০ মিনিটে তাঁর নেতৃত্বে পল্টন ময়দান থেকে গণমিছিল শুরু হয়। শান্তিপূর্ণ মিছিলটি দৈনিক বাংলা, নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক মোড় হয়ে মগবাজারে এসে শেষ হয় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন। তাঁরা বিভিন্ন দাবি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্লাকার্ড বহন করেন।মিছিলের একেবারে সামনে ছিলেন ছাত্রদল ও তারপর মহিলা দলের নেতা-কর্মীরা। এরপর খালেদা জিয়ার গাড়িবহর। কেন্দ্রীয় নেতাদের অনেকেই ছিলেন ওই বহরে। গাড়িবহরের পরে যথাক্রমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।অসুস্থ থাকার কারণে গণমিছিল কর্মসূচিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত থাকতে পারেননি। স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির বেশির ভাগই সদস্যই কর্মসূচিতে অংশ নেন।