আবার ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর চলতি মাসের শুরু থেকে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছিল। কিন্তু কয়েক দিনে তা আবার আগের অবস্থায় ফিরে গেছে। দুই সপ্তাহ ধরে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি কমে যেখানে এক হাজার মেগাওয়াটের নিচে নেমেছিল, এখন তা আবার দেড় হাজার মেগাওয়াটেরও ওপরে উঠে গেছে।ফলে ঢাকাসহ সারা দেশে রাত-দিন, সকাল-সন্ধ্যানির্বিশেষে দফায় দফায়, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে। গভীর রাতেও লোডশেডিং করায় মানুষ ঘুমোতে পারছে না। পড়াশোনা, শিল্প-বাণিজ্য থেকে মানুষের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।সরকারি সূত্রগুলো বলছে, বিদ্যুতের উৎপাদন পরিস্থিতি কোনোভাবেই স্থিতিশীল রাখা যাচ্ছে না। বয়সের ভারে জরাজীর্ণ সরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে চালিয়েও চাহিদা পূরণের ধারেকাছেও যাওয়া যাচ্ছে না। পুরোনো হওয়ায় প্রায়ই বিদ্যুৎকেন্দ্রগুলোতে কারিগরি সমস্যা দেখা দিচ্ছে। সব সময় একাধিক ইউনিট মেরামত-সংরক্ষণের জন্য বন্ধ রাখতে হচ্ছে।বেসরকারি খাতের ইউনিটগুলো অপেক্ষাকৃত কম বয়সী হলেও এগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটির বয়স এক যুগ ছাড়িয়ে গেছে। ফলে এই কেন্দ্রগুলোর নির্ভরযোগ্যতাও কমছে। এ ছাড়া রয়েছে বিদ্যুৎ উত্পাদনে জ্বালানি সংকট। এসব কারণে চলতি সপ্তাহে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি আবার অসহনীয় হয়ে পড়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, এ সপ্তাহে কারিগরি কারণে বন্ধ হয়ে যায় মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ও ২১০ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশাল-৬ নম্বর ইউনিট। কর্ণফুলী সার কারখানায় (কাফকো) গত রোববার থেকে গ্যাস সরবরাহ শুরু করায় গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায় ২১০ মেগাওয়াট ক্ষমতার রাউজান-১ নম্বর ইউনিট। তা ছাড়া একাধিক ভাড়াভিত্তিক কেন্দ্র এই সময়ে চালু হওয়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্বিত হয়েছে।সরকারি খাতের আশুগঞ্জ ও বেসরকারি খাতের হরিপুর কেন্দ্রের দুটি ইউনিট আরও আগে থেকে বন্ধ ছিল। এ সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া বড় কেন্দ্রগুলোর মধ্যে আজ বুধবার ঘোড়াশাল-৬ নম্বর ইউনিট ও আগামী শুক্রবার মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট কেন্দ্র চালু হবে। তখন পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। তবে প্রয়োজনীয়সংখ্যক নতুন বিদ্যুৎকেন্দ্র প্রতিস্থাপন ছাড়া এ সমস্যা নিরসন হবে না বলে সরকারি সূত্রের দাবি। ক্ষমতা কমেছে: সরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে ৫২টি ইউনিটের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দেখা যায়, এই ইউনিটগুলোর স্থাপিত (প্রকৃত) ক্ষমতা তিন হাজার ৯৪১ মেগাওয়াট। কিন্তু বয়সের ভারে এই ক্ষমতা ৭৪৮ মেগাওয়াট কমে হয়েছে তিন হাজার ১৯৩ মেগাওয়াট। তার ওপর এর বেশির ভাগ ইউনিটই গ্যাসভিত্তিক। তাই গ্যাসস্বল্পতার কারণে উৎপাদন হয় অনেক কম। অনেক কেন্দ্র মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্যও বন্ধ থাকে।বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট স্থাপিত ক্ষমতা এখন দুই হাজার ১০০ মেগাওয়াটেরও বেশি। বর্তমান ক্ষমতাও প্রায় একই। বেসরকারি কেন্দ্রগুলোর মধ্যে ক্ষমতা কমেছে আরপিসিএলের ৩৫ মেগাওয়াট, ওয়েস্টমন্টের ২০ এবং কেপিসিএলের ৪ মেগাওয়াট।সরকারি ও বেসরকারি খাত মিলে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ উত্পাদনের ক্ষমতা প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট হলেও কয়েক দিন ধরে উৎপাদন হচ্ছে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ৭০০ মেগাওয়াট পর্যন্ত।সবচেয়ে পুরোনো ইউনিট: সরকারি খাতের সবচেয়ে পুরোনো ইউনিট দুটির বয়স ৪৮ বছর। এ দুটি হচ্ছে কর্ণফুলী পানিবিদ্যুেকন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট। এরপরের সবচেয়ে পুরোনো হচ্ছে শাহজীবাজার ১ নম্বর ইউনিট, বয়স ৪১ বছর। এরপর ৪০ বছরের পুরোনো আশুগঞ্জ-১ ও ২ নম্বর ইউনিট। এই পাঁচটি ইউনিটের স্থাপিত ক্ষমতা ২৬৮ মেগাওয়াট। এখন পূর্ণ ক্ষমতায় চালিয়েও এগুলো থেকে বিদ্যুৎ পাওয়া যায় ২০০ মেগাওয়াটের কম। তবে এগুলো নানা কারণে পূর্ণ ক্ষমতায় চালানোই যায় না। খুলনা ৬০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি ৩৭ বছরের পুরোনো। ঘোড়াশাল ১ নম্বর ইউনিট ৩৬ বছরের পুরোনো। ৩৫ বছরের পুরোনো দুটি ইউনিট—ভেড়ামারা-১ ও বরিশাল-১। ৩৪ বছরের পুরোনো ইউনিট দুটি ভেড়ামারা-২ ও ঘোড়াশাল-২। ভেড়ামারা-৩ নম্বর ইউনিটটি ৩০ বছরের পুরোনো। এই সাতটি ইউনিটের স্থাপিত ক্ষমতা ২৩৫ মেগাওয়াট হলেও এগুলো পূর্ণ ক্ষমতায় চালিয়েও এখন ১৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। আর পূর্ণ ক্ষমতায় চালাতে গেলে দেখা দেয় নানা কারিগরি সমস্যা।এ ছাড়া ২০-২৯ বছরের পুরোনো এবং ১০-১৯ বছরের পুরোনো অনেক ইউনিট রয়েছে। আজ একটি উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার আশুগঞ্জে ৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। এ ছাড়া এ বছরের মধ্যে আরও ৩০০ মেগাওয়াট ক্ষমতার ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র, ফেঞ্চুগঞ্জ ৫০, বগুড়া ২০, ভেড়ামারা ১০০, ঠাকুরগাঁও ৫০, যশোরের নওয়াপাড়া ১০০ ও বরিশাল ৫০ মেগাওয়াটের ভাড়াভিত্তিক কেন্দ্র চালু হবে। সরকারি খাতের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র, সিদ্ধিরগঞ্জ ১২০ মেগাওয়াট এবং ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট কেন্দ্রও এ বছরই চালু হবে।এ ছাড়া আরও একাধিক ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হতে পারে। হলে সেগুলোর কোনো কোনোটিও চলতি বছরের মধ্যে চালু হবে। এ সম্পর্কে বিদ্যুত্সচিব বলেন, ‘আমরা এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াট “কুইক রেন্টাল” বিদ্যুৎ নেব। এই বিদ্যুৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে পাওয়া যাবে। ফলে আগামী সেচ ও গ্রীষ্ম মৌসুমে আর সমস্যা হবে না।’