আবার ঘন ঘন লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সেই পুরোনো চিত্র। সকাল ছয়টা থেকে শুরু হয়। তারপর দিন-রাত ধরে চলে। কখনো এক ঘণ্টা অন্তর, কখনো বা ঘণ্টা দুয়েক পরপর চলতে থাকে বিদ্যুতের আসা-যাওয়া। ঢাকাসহ সারা দেশের এই একই চিত্র।রাজধানীর কুড়িল থেকে একজন গ্রাহক টেলিফোনে প্রথম আলোকে জানান, গত শনিবার থেকে তাঁদের এলাকায় দৈনিক ছয় থেকে আটবার লোডশেডিং হচ্ছে। এর অনুষঙ্গ হিসেবে এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। আরও অনেক দিন এ রকমই চলতে থাকবে কি না, সেই ভাবনাই এখন তাঁদের প্রধান।মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের এক নম্বর সড়ক থেকেও একজন গ্রাহক দৈনিক ছয় থেকে আটবার লোডশেডিংয়ের খবর জানিয়ে বলেন, স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা জানায় যে শীতেও লোডশেডিং চলবে।মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের অনেক গ্রাহকের তো দৃঢ় বিশ্বাস, ওই এলাকার বিদ্যুৎ কার্যালয়ে এমন কেউ নিশ্চয়ই আছেন, যিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অন্তর্ঘাতমূলক কাজ করে চলেছেন। না হলে সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি এত খারাপ হতেই পারে না। একজন গ্রাহক বলেন, ‘আমরা তো অন্য এলাকার লোডশেডিংয়ের খবরাখবরও শুনি। সেই জানুয়ারি মাস থেকে শুরু করে পুরো গ্রীষ্মকালটা এখানে একটা দোজখ নেমে এসেছিল। রমজান মাসে তারাবির নামাজের সময়ও লোডশেডিং ছিল। এ রকম আর কোনো এলাকায় শুনি নাই। এখন আবার কয়েক দিন হয় শুরু করেছে সেই একই কাজ।’ সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, ঢাকার বাইরে চট্টগ্রামের অবস্থা বেশ খারাপ। খুলনা, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা সব সময়ই বিদ্যুতের ক্ষেত্রে বঞ্চিত। এখনো পরিস্থিতি ভিন্ন নয়। আর পল্লী বিদ্যুতের আওতাধীন মফস্বল শহর ও গ্রামাঞ্চলের কথা তো বলারই অপেক্ষা রাখে না। সেখানে ঈদের সময় কয়েকটা দিন একটু ভালো কেটেছিল। আবার শুরু হয়েছে সেই পুরোনো ধারা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, গতকাল রোববার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ৩৫০ মেগাওয়াট। আর সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল চার হাজার ৬২ মেগাওয়াট। ঘাটতি ছিল এক হাজার ২৮৮ মেগাওয়াট। কিন্তু প্রকৃতপক্ষে চাহিদা ও ঘাটতি আরও বেশি। সপ্তাহখানেক ধরে ইউরিয়া সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের পরিমাণ কমেছে। ফলে উৎপাদনও কিছু কমেছে। গ্যাসস্বল্পতায় চট্টগ্রামের রাউজান বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নেমে এসেছে ১০০ মেগাওয়াটে (কেন্দ্রটির স্থাপিত ক্ষমতা ৪২০ মেগাওয়াট, বর্তমান ক্ষমতা ৩৪০ মেগাওয়াট)।এ ছাড়া ঘোড়াশালে প্রতিটি ২১০ মেগাওয়াট ক্ষমতার দুটি, আশুগঞ্জে ১৪০ মেগাওয়ট ক্ষমতার একটি, বড়পুকুরিয়ায় ১২৫ মেগাওয়াটের একটি ইউনিট মেরামত ও কারিগরি কারণে বন্ধ রয়েছে।পিডিবি সূত্র জানায়, এর মধ্যে ঘোড়াশালের একটি এবং বড়পুকুরিয়ার ইউনিটটি শিগগিরই চালু হবে। তা সত্ত্বেও চলতি অক্টোবর মাসে উৎপাদন ঘাটতিজনিত লোডশেডিং একটু বেশিই থাকবে। এরপর শীত এলে চাহিদা যেমন কমবে, তেমনি তেলচালিত নতুন নতুন বিদ্যুৎকেন্দ্রও একের পর এক চালু হতে থাকবে।তবে একাধিক সরকারি সূত্র জানায়, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বোরো আবাদের জন্য সেচমৌসুম শুরু হলে কী অবস্থা হবে, বলা যায় না। কারণ, এই সময়ের মধ্যে বিদ্যুতের উৎপাদন পরিস্থিতি গত বছরের তুলনায় খুব একটা উন্নত হবে না।