চ্যানেল নাইনে আজ দেখানো হবে নাটক আমি তুমি, তুমি আমি, আমি...। লিখেছেন রওনক হাসান, পরিচালনা করেছেন সাইফ চন্দন। নাটকটিতে অভিনয় করেছেন শখ। কথা হলো তাঁর সঙ্গে। ইদানীং আপনাকে নাটকে একেবারেই দেখা যায় না। কেন?আমি আবার চলচ্চিত্রে অভিনয় করছি। নাম অল্প অল্প প্রেমের গল্প। পরিচালক সানিয়াৎ হোসেন। এটি আমার দ্বিতীয় ছবি। প্রথমটি ছিল শাকিব খানের সঙ্গে, নাম বলো না তুমি আমার। এবার আমার বিপরীতে অভিনয় করছেন নিলয়। ২ ফেব্রুয়ারি থেকে টানা শুটিং হচ্ছে। মাঝে কয়েক দিন স্থগিত ছিল। অল্প কিছু কাজ বাকি আছে, ৬ মের মধ্যেই শুটিংয়ের অংশ শেষ হবে। চলচ্চিত্রের কারণে কোনো নাটকেই কাজ করছি না। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবার নাটকের কাজ করব। দ্বিতীয় ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন। প্রথমটিতে কাজ করার সময় যথেষ্ট মানসিক চাপ অনুভব করেছিলাম। প্রথম ছবি, সবকিছুই নতুন, চলচ্চিত্রে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, তার ওপর ছবির নায়ক শাকিব খান! প্রতি মুহূর্তেই অজানা একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করছিল—কাজটা ঠিক হচ্ছে তো? এবার কিন্তু সবকিছুই অনেক সহজ হয়ে গেছে।‘আমি তুমি, তুমি আমি, আমি...’ টেলিছবির কাজ কবে করেছিলেন?কিছুদিন আগে। রওনক একই সঙ্গে বিন্দু এবং আমার সঙ্গে প্রেমের অভিনয় করে চলেছে। একসময় রওনকের আচরণ আমাদের কাছে ধরা পড়ে যায়। নিজের আচরণের জন্য রওনক অনুতপ্ত হয়। গল্পটি মোড় নেয় নতুন দিকে।নাটকটিতে কাজ করতে কেমন লেগেছে?দৃশ্যগুলো খুব ছোট ছোট ছিল। আর শুটিং করতেও কোনো ঝামেলা হয়নি। কাজও দ্রুত হয়েছে। শুটিংয়ের সময় পার্কে আমি রওনককে খুব মেরেছিলাম। আর তা দেখে আশপাশের লোকজন ছুটে আসে। শুটিং হচ্ছে শোনার পর সবাই দূরে সরে যায়। আসলে শুটিংয়ের সময় এমনি নানা ধরনের ঘটনা ঘটে।