আবার চলচ্চিত্রের গানে সুর করেছেন কুমার বিশ্বজিৎ
চলচ্চিত্রের গানে সুর ও কণ্ঠ দেওয়ার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ। ছবির নাম স্বামী-স্ত্রীর ওয়াদা। এরপর আবার নতুন করে চলচ্চিত্রের গানে সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন ছবিটির নাম না মানুষ। পরিচালক অনিমেষ আইচ। আর গানটির শিরোনাম ‘ঘাসফুল হব রে আমি’। লিখেছেন কবির বকুল। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও ন্যান্সি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ড্রিম ডেস্ক স্টুডিওতে গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। কুমার বিশ্বজিৎ বলেন, ‘টিভিতে তো অনিমেষ আইচের অনেক কাজ দেখেছি। তাঁর কাজের ব্যাপারে আমার একটা আস্থা আছে। ছবিটা তাঁর বলেই দুই বছর পর আবার চলচ্চিত্রের গানে সুর করতে রাজি হয়েছি। নিজের গান নিয়ে কী আর বলব, শ্রোতাদের ভালো কিছু দেওয়ার শত ভাগ চেষ্টা করেছি।’ন্যান্সি বলেন, ‘কুমার বিশ্বজিৎ এবং আমি একসঙ্গে কয়েকটি ছবিতে গান করেছি। এবার তাঁর সুরে গান করলাম। অনেকটা সাঁওতালি ধরনের সুর। অন্য রকম একটা অভিজ্ঞতা হলো।’জানা গেছে, ১৫ জানুয়ারি গানের শুটিং হবে কুষ্টিয়ায়।