আবার চলবে মনচলা
শিশু মনচলার সেই ‘কাঠিবান্ধা’ চিকিৎসার অবসান হয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সিলেটে বিডিআরের ২১ রাইফেল ব্যাটালিয়ন। গত মঙ্গলবার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা মনচলার পা থেকে কবিরাজের দেওয়া সেই ‘কাঠিবান্ধা’ অপসারণ করেছেন। চিকিত্সক ও তার পরিবারের সদস্যরা আশা করছেন, মনচলা শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গত সোমবার প্রথম আলোয় ‘কাঠিবান্ধা এক মনচলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরপরই বিডিআর শিশুটির খোঁজ পায়। মঙ্গলবার সকালে বিডিআরের একটি দল ডিবির হাওর গ্রামে গিয়ে মনচলাকে নিয়ে দুপুরেই হাসপাতালে ভর্তি করে। মনচলার চিকিৎসার যাবতীয় দায়িত্ব এখন ২১ রাইফেল ব্যাটালিয়নের।গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, মনচলার ডান পা থেকে ‘কাঠিবান্ধা’ অপসারণ করে বিশেষজ্ঞ চিকিত্সকেরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হতে পারে।হাসপাতালে মনচলার সঙ্গে এসেছেন তার মা জয়ন্তী বিশ্বাস ও নানি সুমতি বিশ্বাস। প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়ন্তী বিশ্বাস বলেন, ‘মনচলারে নিয়া বেদিশা (দিশেহারা) হইছিলাম। ভগবান আফনারার মঙ্গল করবা...!’ গত ১৪ মার্চ সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওরে বিএসএফ-খাসিয়া ও বিডিআর-গ্রামবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার সময় পালাতে গিয়ে একটি গর্তে পড়ে যায় আড়াই বছর বয়সী মনচলা বিশ্বাস। এতে ডান পায়ের হাড়ের দুটো অংশ ভেঙে যায়। দিনমজুর মা-বাবা কবিরাজের শরণাপন্ন হন। পায়ের হাড় জোড়া লাগাতে কবিরাজ ‘কাঠিবান্ধা’ চিকিৎসা দেন। এতে তার যন্ত্রণা আরও বেড়ে যায়। অনিশ্চয়তা দেখা দেয় তার সুস্থ হওয়া নিয়ে। সহানুভূতি: প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর গতকাল ‘ইশরাফ-তসিরা শিক্ষা-সেবা ফাউন্ডেশন’ নামে একটি প্রবাসী সংগঠন মনচলার পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তা দেয়।