আবার চালু হচ্ছে দারোয়ানি টেক্সটাইল মিল
প্রায় দুই বছর বন্ধ থাকার পর সার্ভিস চার্জের আওতায় আবার চালু হচ্ছে সরকারের লাভজনক শিল্পপ্রতিষ্ঠান নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস। মিলটি চালু করতে সেখানে চলছে নানা প্রস্তুতি, মেশিনপত্র সংস্কার, অফিস, পানি সরবরাহ লাইন-ট্যাংক পরিষ্কারসহ নানা ব্যস্ততা। মিলটি চালু হলে সেখানে কাজ ফিরে পাবেন প্রায় ৬০০ শ্রমিক। খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে মিলের বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন অনিয়মিত শ্রমিক কাজে যোগ দিয়েছেন।১১ সেপ্টেম্বর সরেজমিন দেখা যায়, মিলগেটে লোকজনের আনাগোনা। ভেতরে ঢুকতেই দেখা গেল দলবেঁধে শ্রমিকেরা ঝোপ-জঙ্গল পরিষ্কারে ব্যস্ত। নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালনে তৎপর। কর্মকর্তারা ঘুরে ঘুরে শ্রমিকদের কাজ তদারকি করছেন।এ সময় কথা হয় মিলের সিকিউরিটি শ্রম ও প্রশাসন বিভাগের সহব্যবস্থাপক আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, মিলটি দুই বছর বন্ধ থাকায় মেশিনপত্র সংস্কার করতে হচ্ছে। তিনি আরও জানান, সরকার বিটিএমসির বেকার শ্রমিক-কর্মচারীদের আবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তৃতীয়বারের মতো সার্ভিস চার্জের ভিত্তিতে মিলটি চালু করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী চলতি বছরের ২৩ জুন দরপত্র ডাকা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে নারায়ণগঞ্জের মেসার্স ট্রেড কনসার্ন কার্যাদেশ পায়।মিলের ফিডার রেজাউল করিম বলেন, ‘প্রতিষ্ঠানটি চালু হওয়ার এক বছর আগে ১৯৭৯ সালে আমি এখানে যোগদান করি। দুই বছর আগে মিলটি বন্ধ হওয়ার পর থেকে বেকার হয়ে পড়ি। তিনি বলেন, মিল চালু হওয়ার খবর পেয়ে গত ১৫ দিন আগে কাজে যোগ দিই। আমরা মিলটি চালু করতে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আশা করি এক সপ্তাহের মধ্যে মিল চালু হয়ে যাবে।’ রেজাউল আরও বলেন, ‘আমার মতো এখানকার অনেক শ্রমিক-কর্মচারী বেকার জীবন কাটাচ্ছেন। মিলটি চালু হলে তাঁদের কষ্ট অনেকটা কমবে।’প্রধান ইলেকট্রিশিয়ান জাফর মিয়া বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। তিনি বলেন, ‘মিলটা চালু হচ্ছে শুনেই ভালো লাগছে। দুই বছর ধরে বসে আছি, আর কত বসে থাকা যায়।’ তিনি বলেন, মিলটি বন্ধ হওয়ায় অনেক শ্রমিক বেকার হয়ে পথে বসেছে। কারণ যারা সুতা তৈরির কাজ করে, তারা অন্য কোনো কাজ জানে না।মিলের মহাব্যবস্থাপক সাইফুর রহমান বলেন, মিলটি উৎপাদনে যাওয়ার আগে পুরোনো মেশিনপত্র সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, ‘সুতা উৎপাদনের জন্য আমাদের ২৫ হাজার ৫৬টি টাকুর মধ্যে ২২ হাজার চালু ছিল। আমরা সবগুলোই আবার চালু করার চেষ্টা করব।’ এত দিন বাজারে সুতার চাহিদা না থাকায় কেউ সার্ভিস চার্জে মিল চালাতে আগ্রহ দেখায়নি। বর্তমান বাজারে সুতার চাহিদা বাড়ায় সার্ভিস চার্জে মিল চালাতে আগ্রহ দেখাচ্ছে। মিলটি পুরোদমে চালু হলে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি সরকার মোটা অঙ্কের রাজস্ব পাবে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বন্ধকালীন সময়ে যেসব শ্রমিক এখানে কাজ করত, তারাই কাজ পাবে। এ জন্য ইউনিয়ন পরিষদ হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে নোটিশ দেওয়া হয়েছে শ্রমিকদের তালিকাভুক্ত হতে। ১৪ অক্টোবর একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে আগের শ্রমিকদের নিয়োগ করা হবে।উল্লেখ্য, নীলফামারী জেলা সদরের দারোয়ানিতে ১৯৭৭ সালে ১০৮ একর ৫২ শতক জমিতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দারোয়ানি টেক্সটাইল মিল নির্মাণ করা হয়েছিল। ১৯৮০ সাল থেকে বিটিএমসি এখানে উৎপাদন শুরু করে। ১৯৯০ সাল পর্যন্ত বিটিএমসির সেরা লাভজনক প্রতিষ্ঠান ছিল এ মিলটি।অভিযোগ রয়েছে, ১৯৯০ সাল থেকে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়তে থাকে মিলটি। সিবিএর নেতা-কর্মী ও কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় এটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। একপর্যায়ে ১৯৯৭ সালে এখানে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে মিছিল-মিটিং, সড়ক অবরোধ, ফাঁসির মঞ্চ তৈরিসহ নানামুখী আন্দোলন শুরু করে। এসব কর্মকাণ্ডে বিটিএমসি শ্রমিকদের স্বেচ্ছা অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।