আবার জামায়াত-শিবিরের হামলা
চার দিন বিরতি দিয়ে আবার পুলিশের ওপর হামলা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। গতকাল রোববার সকালে চট্টগ্রামের ষোলশহরে ও বিকেলে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে এই হামলা চালানো হয়।হামলায় পুলিশের আটজন ও আনসারের একজন সদস্য আহত হন। কুমিল্লায় সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ পাঁচজন আহত হন।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে হামলার সময় জামায়াত-শিবিরের কর্মীরা কর্তব্যরত আনসার সদস্যের ২০টি গুলি ও একটি বেতারযন্ত্র (ওয়াকিটকি) ছিনিয়ে নেন। তাঁরা ১০টি গাড়িও ভাঙচুর করেন।প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে ৫ নভেম্বর থেকে বেপরোয়া হয়ে ওঠে জামায়াত। ওই দিন দলটি ঢাকাসহ ১০ জেলায় মিছিল নিয়ে বের হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশের ২২ জন সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর কয়েক দিন দলটি বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালায়। সর্বশেষ ১৩ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেল মোড়ে তারা পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।চট্টগ্রামে রণক্ষেত্র: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের ষোলশহর ২ নম্বর গেট থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁদের হাতে ছিল লাঠিসোঁটা ও ইটের টুকরা। মিছিল থেকে হঠাৎ পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালানো হয়। হামলায় ভ্যানে থাকা বায়েজিদ থানার আটজন পুলিশ ও আনসার সদস্য আহত হন। হামলায় আহত আনসার সদস্য নুরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ মিছিল নিয়ে এসে আক্রমণ করেন। তাঁরা তাঁর কাছ থেকে ২০টি গুলি ও বেতারযন্ত্র নিয়ে যান।পুলিশ জানায়, এরপর জামায়াত-শিবির মিছিল নিয়ে প্রবর্তক মোড়ে গেলে পুলিশ তিন দিক থেকে ঘেরাও করে ফেলে। এ সময় পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শিবিরের কর্মীরা সেখানে ১০টি গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ সময় অটোরিকশাচালক রুহুল আমিনসহ কয়েকজন আহত হন। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাস, চকবাজার ও চট্টগ্রাম কলেজের দিকে চলে যান।পরে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসসহ আশপাশ থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৪১ জনকে আটক করে। তাঁদের মধ্যে ৩০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দ্রুত বিচার আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে পুলিশ।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বলেন, হামলাটি ছিল আকস্মিক। পুলিশ সাধ্যমতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।ঢাকায় হামলা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে জামায়াত-শিবিরের প্রায় দেড় শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে যাত্রাবাড়ীর কাজলায় মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা কাজলা প্রধান সড়কে উঠে পড়েন এবং কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের নায়েক সাইদুর রহমান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।তবে ঢাকা মহানগর জামায়াতের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরুর প্রাক্কালে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ যৌথভাবে হামলা চালালে জামায়াত-শিবির প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের হামলায় তাদের ৩৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হন।তবে, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়লেও গুলি করেনি।প্রায় একই সময়ে মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ মিছিল করে জামায়াত।পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবির আবারও পুলিশের ওপর হামলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিভিন্ন স্থানে হাজার খানেক পুলিশ মোতায়েন ছিল।কুমিল্লায় সংঘর্ষ: নগরের রেসকোর্স এলাকায় জামায়াত-শিবিরের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশের উপপরিদর্শকসহ পাঁচজন আহত হন। পুলিশ জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করে।গাজীপুরে মিছিল: র্যা ব-পুলিশ গতকাল দিনভর জামায়াতের জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে বিকেলে বিক্ষোভ মিছিল করে জামায়াত।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও গাজীপুর প্রতিনিধি)