আবার জামায়াতকে চিঠি ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে আবার গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বিশেষ বাহক মারফত দলটির সেক্রেটারি জেনারেল বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দলীয় গঠনতন্ত্রের ছয়টি উপধারা ও একটি বিশেষ অনুচ্ছেদ সংশোধন করে তা কমিশনে জমা দিতে হবে। আরও বলা হয়েছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা, ৫ ধারার ৩ উপধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১ থেকে ৪ উপধারা, ১১ ধারার ২ উপধারা ও ১৮ ধারার ৪(চ) উপধারা সংশোধন করতে হবে। এ ছাড়া কমিশন দলীয় গঠনতন্ত্রের ৬৪ পৃষ্ঠার বিশেষ অনুচ্ছেদের দফা ৩-এ সংশোধনী আনার তাগিদ দিয়েছে। গঠনতন্ত্রের এসব ধারা সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কমিশন এর আগে আরও তিনবার জামায়াতকে চিঠি দিয়ে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়েছিল। সাংঘর্ষিক এসব ধারা সংশোধনে ব্যর্থ হলে দলটির নিবন্ধন বাতিলের ক্ষমতা কমিশনের রয়েছে।