আবার ঢাকা অচল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসমাবেশ ঘিরে আবারও ঢাকা অচল করল সরকার। গতকাল সোমবার সকাল থেকে ঢাকার প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা, সদরঘাট, বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়ে ঢাকামুখী মানুষের গতিরোধ করা হয়। রাজধানী শহরের ভেতরে গণপরিবহন চলাচল সীমিত হয়ে পড়ে। যানজটের শহর ঢাকায় অনেকটা হরতালের আবহ সৃষ্টি হয়।এর ফলে প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। অফিসগামী ও অফিসফেরত মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। ব্যস্ত ভিআইপি সড়কে চলেছে রিকশা ও রিকশাভ্যান। অনেকে ভেঙে ভেঙে এসব যানে গন্তব্যে পৌঁছাতে গিয়ে গলদঘর্ম হন। অল্প কিছু বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চলেছে। ব্যক্তিগত গাড়ির চলাচলও ছিল সীমিত।সকালে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষুব্ধ মানুষ সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। গাজীপুরের চন্দ্রা মোড়ে মহাসড়কে দুটি বাস ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখে সরকার-সমর্থক পরিবহন শ্রমিকেরা। বিকেল পাঁচটা পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আটকা পড়া যানবাহনে কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি শুরু করে পুলিশ। এতে সারা দিন উত্তরবঙ্গ থেকে কোনো বাস ঢাকায় আসতে পারেনি। কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে খোলামোড়া পর্যন্ত বুড়িগঙ্গা নদীর শতাধিক খেয়াঘাটের নৌকা চলাচলে বাধা দেন শ্রমিক লীগের নেতা-কর্মীরা। বাধা উপেক্ষা করে যারা নৌকা নিয়ে বের হয়েছিল, তাদের বুড়িগঙ্গা নদীতে লাঠিপেটা করেন শ্রমিক লীগের কর্মীরা। সদরঘাটেও অনেক কম লঞ্চ ভিড়েছে।বাসমালিক ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীতে বাস বন্ধ করার জন্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার-সমর্থক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা মৌখিকভাবে বাস না চালানোর নির্দেশনা দিয়েছেন। অনেক শ্রমিকনেতা নাশকতা কিংবা ভাঙচুর হতে পারে অজুহাতে বাস চালাতে নিষেধ করেছেন।জানতে চাইলে ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোর কাছে দাবি করেন, বাস চালাতে কাউকে বাধা দেওয়া হয়নি। তবে ভাঙচুর ও নাশকতার ভয়ে অনেকে বাস নামায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক বাস মালিক সমিতির এক নেতা বলেন, ঢাকার আশপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এবং সাভার-নবীনগর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় এসে অফিস করেন এবং দাপ্তরিক কাজ সারেন। কিন্তু রোববার রাত থেকেই এসব জেলা থেকে বাস চলাচল কমে যায়। গতকাল সকালে মালিক-শ্রমিক সমিতির কর্মীরা বাসস্ট্যান্ড ও টার্মিনালে এসে নিষেধ করলে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বাধানিষেধ উপেক্ষা করে অল্প যেসব বাস চলেছে, সেগুলোও গাবতলী, আবদুল্লাহপুর, কাঁচপুর সেতু, কেরানীগঞ্জসহ ঢাকার প্রবেশমুখে ব্যাপক পুলিশি তল্লাশির মুখে পড়ে। এতে ভয়ে অনেকে আর বাস চালায়নি। ঢাকার প্রবেশমুখগুলোতে প্রতিবন্ধক বসিয়ে এবং রাস্তার পাশে গাড়িতে অবস্থান নিয়ে বিপুল পুলিশ সদস্যকে তৎপরতা চালাতে দেখা গেছে।বিকেল পাঁচটার দিকে কল্যাণপুরে এস আর ট্রাভেলসের টিকিট বিক্রির কাউন্টারে কথা হয় হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি যাবেন নওগাঁয়। সকালে অনেক কষ্টে এসে দেখেন, নওগাঁর বাস বন্ধ। যেতেই হবে বলে আবারও রিকশায় করে বিকেলে এসেছেন। তিনি বলেন, ‘হরতাল ঘোষণা না করেও হরতালের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকার ও বিরোধী দল—কেউ মানুষকে শান্তি দিচ্ছে না।’জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় যানজট নতুন কিছু নয়। রাস্তায় কোনো গাড়ি বিকল হলে কিংবা আইনশৃঙ্খলাজনিত কারণে রাস্তায় তল্লাশি করা হলে যানজট আরও তীব্রতর হয়। গতকাল ঢাকায় একটি বড় রাজনৈতিক দলের গণসমাবেশ ছিল, সেখানে যাতে নাশকতা না হয়, যাতে বোমা হামলার মতো ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে বাধ্য হয়ে তল্লাশি করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি না এটা অস্বাভাবিক কিছু। নিত্যনৈমিত্তিকভাবে যা ঘটে, তা তীব্রতর হয়েছে মাত্র।’আসাদুজ্জামান মিয়া দাবি করেন, পুলিশ কাউকে বাধা দেয়নি। বরং পুলিশের প্রতি কঠোর নির্দেশনা ছিল, সমাবেশে আগত লোকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। নিরাপত্তার ভেতর দিয়ে নিরাপদ অবস্থায় যাতে তারা আসতে পারে, সে ব্যবস্থা করার নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছিল।মানুষের যত দুর্ভোগ: সাভারের হেমায়েতপুর থেকে ফার্মগেটে কোচিং করতে এসেছিলেন তানিয়া আক্তার। তিনি জানান, সকালে হেমায়েতপুর থেকে টেম্পোতে আসেন আমিনবাজারে। সেখান থেকে হেঁটে মিরপুর মাজার রোডে। এরপর বিআরটিসির বাসে কল্যাণপুর পর্যন্ত। তারপর আবারও একটি বাসে ফার্মগেট। দুবার বাস বদলাতে অন্তত এক ঘণ্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং বাসে ওঠার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। বিকেল সাড়ে চারটার সময় তানিয়ার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি। বাস এলে উঠতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় তিনি ছিলেন বিচলিত।বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর দৈনিক বাংলা মোড়, পল্টন, প্রেসক্লাব, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, কলেজগেট, শ্যামলী ও কল্যাণপুর এলাকা ঘুরে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুকে যানবাহনের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকালেও নগরের মোহাম্মদপুর, কলাবাগান, ফার্মগেটে মানুষের দীর্ঘ অপেক্ষা দেখা যায়। রাজবাড়ী থেকে গত রোববার বিমানের টিকিট কাটতে ঢাকায় এসেছিলেন সৌদিপ্রবাসী মো. নাসির। ফার্মগেটে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকে বাস পাননি। একপর্যায়ে এক মোটরসাইকেল সামনে পেয়ে অনুরোধ করেন, তাঁকে যেন গাবতলীতে পৌঁছে দেন। নাসির বলেন, রাজবাড়ীর বাসও চলছে না বলে তিনি শুনেছেন। কিন্তু গাবতলী গিয়ে পৌঁছাতে পারলে যেকোনো সময় বাস পাওয়ার আশা আছে।বিকেলে মিরপুরে যাওয়ার জন্য প্রেসক্লাবের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘সবাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। এর শিকার আমরা। সবকিছুর খেসারত দিতে হয় আমাদের।’মিরপুর ১২ নম্বর বাস ডিপো থেকে সাড়ে ১১ নম্বর, ইয়ানতাই চায়নিজের মোড় পর্যন্ত অনেক খালি বাস দাঁড়িয়ে ছিল দিনভর। বেলা ১১টার দিকে পরিবহনকর্মী মোতালেব বলেন, আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাস বন্ধ রাখার কথা বলে রেখেছেন। এর পরও বাস বের করেছিলেন তাঁরা। কিন্তু মিরপুর ১ নম্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন।মিরপুর থেকে নবীনগর চলাচলকারী তিতাস পরিবহনের কর্মী জাহাঙ্গীর বলেন, আশুলিয়ায় পুলিশি চৌকি বসিয়ে গাড়ি আটকানো হয়। ঢাকার দিকে আসতে দিচ্ছে না, গালিগালাজ, মারধর করে পুলিশ। মিরপুর ১৪ নম্বর এলাকায়ও বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাস অলস বসে থাকতে দেখা গেছে। তবে রাস্তায় চলেছে অসংখ্য হিউম্যান হলার ও ব্যাটারিচালিত অটোরিকশা।এর আগে বিরোধী দলের গত ১২ মার্চের মহাসমাবেশ ঘিরে একই অবস্থা সৃষ্টি করেছিলেন পুলিশ এবং সরকারি দলের নেতা-কর্মী ও পরিবহন মালিক-শ্রমিকেরা।