আবার তৎপর এশিয়া এনার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাকৃত কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের কয়লা ব্যবহারের বিষয়ে সরকারের তৎপরতায় সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার তৎপর হয়ে উঠেছে আলোচিত এশিয়া এনার্জি। কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একদিকে সরকার দেশের কয়লা ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে; অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ জানুয়ারি প্রকৌশলীদের এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, দেশের খনি থেকে কয়লা না তুলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমা রাখা হবে। আমদানি করা কয়লা দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করা হবে।এদিকে, সরকারের নতুন গঠিত ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি (কোল বাংলা)’ দেশের একটি কয়লাখনি উন্নয়ন করে সেই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের কাছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় কোল বাংলা ওই প্রস্তাব দেয়। কোল বাংলার কয়েকজন কর্মকর্তা জানান, এর আগে বিষয়টি নিয়ে তাঁরা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের সবুজ সংকেত পেয়েই তাঁরা গতকালের প্রস্তাব দিয়েছেন। আবার গতকালই এশিয়া এনার্জি করপোরেশনের মূল কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সেস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন করে সরকারের সঙ্গে তারা আলাপ-আলোচনা শুরু করতে যাচ্ছে। এ জন্য কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন আনাসহ নতুন করে প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সাল নাগাদ সাত হাজার এবং ২০৩০ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লাভিত্তিক কেন্দ্রে। ওই ২০ হাজারের মধ্যে প্রায় ১০ হাজার মেগাওয়াট দেশের কয়লা দিয়ে উৎপাদন করার কথা পরিকল্পনায় বলা হয়েছে। এ পরিকল্পনায় সরকার কোনো পরিবর্তন বা সংশোধন করেনি। এশিয়া এনার্জির নতুন উদ্যোগ: সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত জিসিএমের বোর্ড সভায় চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। এশিয়া এনার্জির (বাংলাদেশ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী গ্যারি লাইকে একই সঙ্গে জিসিএমের নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, জিসিএম বোর্ড বাংলাদেশ সরকারের সঙ্গে এশিয়া এনার্জির অব্যাহত কার্যক্রম পর্যালোচনা করে বোর্ডে এ পরিবর্তন এনেছে।জিসিএম এখন সরকারের সঙ্গে আলোচনায় চারটি বিষয়ে গুরুত্ব দিতে চায়। এক. ফুলবাড়ী খনির কয়লা দিয়ে দীর্ঘ মেয়াদে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। দুই. বিদ্যুৎ উৎপাদনে ফুলবাড়ী খনির কয়লার দাম আমদানি করা কয়লার চেয়েও কম পড়বে। তিন. খনিমুখে বিদ্যুৎকেন্দ্র করলে উৎপাদন অত্যন্ত সহজ হবে। চার. দেশের কয়লা তোলা অসংখ্য মানুষের কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য আনবে।