বেদখল থেকে উদ্ধার করা বুড়িগঙ্গা নদী-তীরবর্তী সাত একর জমি আবার দখল হয়ে যাওয়া ঠেকাতে সেখানে একটি পার্ক করার পরিকল্পনা নিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জায়গাটি রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকায়। কিন্তু নদীবিষয়ক টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী কর্তৃপক্ষের এ ইতিবাচক উদ্যোগ সত্ত্বেও জায়গাটি হাত করতে বিভিন্ন মহলের তৎপরতা চলছে।অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উন্নয়ন করা ওই সাত একর জমি বাণিজ্যিকসহ বিভিন্ন কাজে লাগাতে সাংসদ থেকে শুরু করে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও ক্ষমতাসীন দলের অনেক প্রভাবশালী নেতা-সমর্থক গোপনে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছে। সরেজমিনে এলাকায় গিয়েও এ অভিযোগের সপক্ষে স্থানীয় লোকজনের বক্তব্য পাওয়া যায়। তবে জমি বরাদ্দ পেতে কেউ লিখিতভাবে আবেদন করেননি। সব তদবির-প্রস্তাব মৌখিক হওয়ায় এ বিষয়ে কোনো প্রমাণ নেই। জানা গেছে, উদ্ধার করা বিশাল ওই জায়গায় পার্ক করার পরিকল্পনায় দুশ্চিন্তায় পড়ে গেছেন দখলদারসহ আগ্রহী অনেকেই। বর্তমানে তাঁরা নানাভাবে তদবির চালাচ্ছেন। তাঁদের একজন সেখানে নদীপথে আনা মালামাল রাখার গুদাম করতে মন্ত্রীকে দিয়ে সুপারিশ করিয়েছেন। একজন জাহাজ ব্যবসায়ী চাইছেন ডকইয়ার্ড তৈরি করতে। সরকারি দলের সমর্থক এক শিল্পপতি তদবির করছেন সেখানে একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার জন্য। যাঁরা ওই জায়গা দীর্ঘদিন ভোগ করে আসছিলেন, তাঁরাও পিছিয়ে নেই। বিআইডব্লিউটিএকে তাঁরা বলেছেন, জায়গাটি যেহেতু তাঁরাই ‘দেখাশোনা’ করে আসছিলেন, তাই তাঁদের নিজস্ব বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিতে হবে। তাঁদের অধিকার সবচেয়ে আগে বিবেচনায় নেওয়া উচিত। উদ্ধার হলেও পুনর্দখল: বুড়িগঙ্গা নদীর দখলদার উৎখাত করে জায়গা উদ্ধারের পর আবার তা দখল হয়ে যাওয়ার প্রচুর নজির আছে। বস্তুত তা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত বছরের ৬ এপ্রিল নদীর কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান শেষ না হলেও পরদিন থেকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিছুদিন পরেই সেখানে আবার স্থাপনা গড়ে ওঠে। মিরপুরে তুরাগ নদে বালু ভরাটের জায়গা গত এক বছরে চারবার উদ্ধার করা হয়। সেখানে এখন আগের মতোই বালুর রমরমা ব্যবসা চলছে। কদমতলীতে বুড়িগঙ্গার উদ্ধার করা সাত একরের জায়গাটির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটানোর চেষ্টা হচ্ছে। বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে বলেন, ওই জায়গাটিতে অভিযান চালানোর আগে সরকারি দলের একজন প্রভাবশালী সমর্থক তাঁর তিনতলা বাড়ি না ভাঙার জন্য উচ্চপর্যায়ে তদবির করেছিলেন। এক ব্যক্তির তিনতলা বাড়ি বাদ দিয়ে অভিযান পরিচালনার অনুরোধও জানিয়েছিলেন প্রভাবশালী এক মন্ত্রী। তবে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর অভিযানে সে সময় ওই সমর্থক খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁকে বোঝানো হয়েছিল, নদীর জায়গা উদ্ধারের জন্য হাইকোর্ট ছাড়াও প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রয়েছে। তবে এও জানা গেছে, কেউ কেউ ওই ব্যক্তিসহ দখলদারদের বোঝান, ভবিষ্যতে ‘অন্যভাবে’ জায়গা বরাদ্দ দেওয়া যায় কি না তা দেখা হবে। সূত্র জানায়, ধারণা করা হয়েছিল, বরাবরের মতো ওই জায়গাটিও আবার দখল হয়ে যাবে। কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে নিয়মিত তদারকি করে যাওয়ায় তা হতে পারেনি।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নিজে চান নদীপাড়ের সুষ্ঠু পরিচর্যা হোক। কদমতলীর উদ্ধার করা জায়গাটি ব্যবহারের জন্য যে যেভাবে ইচ্ছা চিন্তা করতে পারে, কিন্তু তা সফল হবে না। চেয়ারম্যান বলেন, এসব জায়গা নিজস্ব কাজে ব্যবহারের জন্য তদবির আসাটা স্বাভাবিক। কিন্তু বিআইডব্লিউটিএ সেখানে পার্ক করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা-ই বাস্তবায়ন করা হবে। গত বছরের ২৭ জুলাই ও ৪ আগস্ট রাজধানীর পোস্তগোলার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অদূরে কদমতলীতে অভিযান চালায় বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। সেখানে বুড়িগঙ্গা নদী ও এর তীর দখল করে স্থাপিত পাঁচটি বহুতল ভবনসহ পাকা-আধাপাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে এই সাত একর জায়গা উদ্ধার করা হয়। কেমন পার্ক হবে: সংশ্লিষ্ট সূত্রমতে, অন্য এলাকার মতো কদমতলীর উদ্ধার করা জায়গাও আবার দখল হয়ে যেতে পারে—এ আশঙ্কা থেকে নদীর পাড় সংরক্ষণের জন্য কি-ওয়াল এবং নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়। লোক চলাচলের সুবিধার্থে ভেতরে আরসিসি রাস্তা এবং কিছু অংশে ইটের সলিং করা হয়। একপর্যায়ে বিআইডব্লিউটিএ নদীবিষয়ক টাস্কফোর্সের সুপারিশ অনুসরণ করে এখানে বৃক্ষরোপণ ও ভ্রমণকারীদের সুবিধার্থে বেঞ্চ বসানোর কথা চিন্তা করে। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, টাস্কফোর্সের সুপারিশ পর্যালোচনা করে কদমতলীতে রমনা পার্কের আদলে একটি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়। সেখানে বট, অশ্বত্থ, সুপারি, নারকেল, দেবদারু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন দেশি প্রজাতির গাছ লাগানো হবে। পার্কের ভেতরে থাকবে কৃত্রিম জলাধার, বিশ্রামের ছাউনি, গাড়ি পার্কিং, শৌচাগার ইত্যাদি। প্রাথমিকভাবে পার্কটি গড়ে তুলতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩২ লাখ টাকা। পরে এখানে একটি নৌ-জাদুঘর তৈরি করা হতে পারে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, রাজধানীর শ্যামপুর থেকে পাগলা পর্যন্ত এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। এ এলাকায় শিশু-কিশোর বা প্রবীণদের হাঁটাচলার জন্য কোনো নিরাপদ রাস্তা বা খোলা উদ্যান নেই। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ এই সুবিধাটি পাবে। কোলাহলমুখর যান্ত্রিক জীবন থেকে সাময়িক অবকাশ পেতে রাজধানীর অন্য এলাকার বাসিন্দারাও সেখানে যেতে পারবেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি এবং নদীবিষয়ক টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরেই বলে আসছি উদ্ধার করা জায়গা যাতে আবার দখল না হয়, তার জন্য এ ধরনের প্রকল্প হাতে নেওয়া উচিত। যারা দখলদার, আইনে তাদের শাস্তি আছে। কিন্তু বাস্তবে শাস্তি হয় না। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় শাস্তি হিসেবে দখলদারদের কাছ থেকে জরিমানাও আদায় করা উচিত। জরিমানার টাকা এ ধরনের প্রকল্পে কাজে লাগানো যাবে।’