শাবাব ও ন্যান্সি—দুজনের বয়সই ৪০ পেরিয়ে গেছে। দেশের প্রতি নানা কারণে ক্ষোভ শাবাবের মনে। কারণ খুঁজতে গিয়ে চমকে যায় ন্যান্সি। জানা যায়, শাবাবের মা ছিলেন বীরাঙ্গনা। আর এ কারণেই শাবাব নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। তার পাশে এসে দাঁড়ায় দীর্ঘদিন প্রবাসে থাকা ন্যান্সি। নাটকটির নাম তোমার পরে ঠেকাই মাথা। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকে ন্যান্সির চরিত্রে অভিনয় করেছেন তারিন। কথা হলো তাঁর সঙ্গে। ‘তোমার পরে ঠেকাই মাথা’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এক কথায় অসাধারণ। একসময় মুক্তিযুদ্ধের গল্প বললেই মনে হতো বন্দুক নিয়ে ছোটাছুটি। সেই প্রেক্ষাপট যথাযথভাবে তুলে আনা সম্ভব হয় না। এখন কিন্তু গল্প বদলেছে। মুক্তিযুদ্ধ নিয়ে আজকের প্রজন্ম কী ভাবছে, তাদের মুক্তিযুদ্ধ কীভাবে প্রভাবিত করছে—এ সবই উঠে আসছে। তাই এ নাটকগুলো দর্শক দেখছে। তোমার পরে ঠেকাই মাথা তেমনি একটি নাটক। এ নাটকের গল্প আপনার কাছে কেমন মনে হয়েছে?এ নাটকে অভিনয় করেছি আমি আর অপূর্ব। আমাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। যিনি লিখেছেন, রুম্মান রশীদ খান, তিনিও আজকের প্রজন্মের ছেলে। আমি এর আগে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আবুল হায়াতের মধ্যাহ্নভোজ কি হবে নাটকে অভিনয় করেছিলাম। আমি বলব, তোমার পরে ঠেকাই মাথা তেমনি একটি ভালো কাজ হয়েছে।আপনাকে অনেক দিন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না। সর্বশেষ কাজ করেছিলাম তৌকীর আহমেদের ছায়াবৃতাতে। আমি এখন এক ঘণ্টার নাটক আর টেলিছবিতেই কাজ করছি। কারণ, এখানেই ভালো কাজ পাচ্ছি। আর ধারাবাহিকে খুব ভালো স্ক্রিপ্ট খুঁজছিলাম। এর মধ্যে একটা পেয়েছি, নাম কালান্তর। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করছেন সৈম নজরুল। আগামী মাসে শুটিং শুরু হবে। ইদানীং কাজ করেছেন—এমন একটি ভালো নাটকের কথা বলুন। সবুজ ভেলভেট। মুহম্মদ জাফর ইকবালের কাহিনি থেকে নাট্যরূপ দিয়েছেন আজাদ আবুল কালাম। পরিচালনা করেছেন রায়হান জুয়েল। ছয় ঘণ্টার গল্প। পুরো কাজই হয়েছে ট্রেনে। একসঙ্গে তিনটি ক্যামেরায় কাজ করেছি। আর ট্রেনেই শুটিং করেছি তিন দিন। ঢাকা থেকে লালমনিরহাট, আবার লালমনিরহাট থেকে ঢাকায় এসেছি। আশা করছি, আমার মতো দর্শকদেরও সবুজ ভেলভেট ভালো লাগবে।