আবার নদী দখল, বালুর ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচপুর সেতু এলাকায় শীতলক্ষ্যা নদী দখল ও ভরাট করে তৈরি ১০ একর জায়গায় আবার বালু ও পাথর ব্যবসা শুরু হয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বছর দেড়েক আগে এখানকার বালু, মাটি ও পাথর ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে জায়গাটি উদ্ধার করেছিল। এখন সেই ব্যবসায়ীরাই আবার পুরো জায়গা দখল করে বালু-পাথরের ব্যবসা করছেন। তাঁদের সঙ্গে যোগ হয়েছেন সরকারি দলের থানা পর্যায়ের নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার এই জায়গা থেকে বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছিল।ঢাকা ও আশপাশের চার নদী দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই তথ্য জানালে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমানুল্লাহ নূরী প্রথম আলোকে বলেন, দখলদারদের উচ্ছেদে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।নদীর জায়গায় রাখা পাথর-বালুর চাপে ভেঙে পড়া দেয়ালের চাপায় গত বুধবার দুজন শ্রমিক মারা যান। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শ্রমিক জানান, এখানে সবচেয়ে বেশি পাথরভাঙা হলুদ বালু (সিলেকশন বালু)। ভারী এই বালুর চাপেই বুধবার দেয়াল ভেঙে পড়লে দুই শ্রমিক নিহত হন বলে তাঁরা জানান। তবে ওই দুর্ঘটনার পরও বিআইডব্লিউটিএ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তবে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মাহবুবুল আলম বলেন, দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর কার্যালয় থেকে সেখানে লোক পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে বালুর চাপেই দেয়াল ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।বালু ব্যবসার সঙ্গে জড়িত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি মো. বাদল অবশ্য দেয়াল ভেঙে দুজন শ্রমিক মারা যাওয়ার বিষয়ে বলেন, বালু চাপা পড়ে নয়, আসলে দেয়ালটি অনেক পুরোনো ও দুর্বল ছিল, তাই ভেঙে পড়ে। এটা নিছক দুর্ঘটনা।এলাকায় গিয়ে জানা যায়, বর্তমানে ৫৯ জন দখলদার নদীর অংশ ভরাট করে বালু, মাটি ও পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নদীর জায়গা ভরাট করায় ২০০৮ সালের ২৩ অক্টোবর এই দখলদারদের লাইসেন্স বাতিল করা হয়। এরপর বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গত বছরের জুনে মজুদ বালু-মাটি নিলামে বিক্রি করে দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই নিলামে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা দখলদারদেরই লোক। বিআইডব্লিওটিএর অভিযান বন্ধ হওয়ার পর তাঁরা সেই বালু-মাটি ওই জায়গায় রেখেই ব্যবসা শুরু করেন।দখলদার কারা: লাইসেন্স বাতিলের পর এখন জাঁকিয়ে ব্যবসা করলেও তাঁরা আর কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করছেন না। টেবিল-চেয়ার এবং একটি ক্যাশবাক্স নিয়ে কোম্পানির লোকজন ব্যবসা করেন। সূত্রগুলো জানায়, এখন যারা ব্যবসা করছে তাদের মধ্যে রোজ ট্রেডিং কোম্পানি, সোয়েব বোর্ডার ক্রাশিং ইন্ডাস্ট্রি, নিউ স্টোন হাউস ও হাসিব এন্টারপ্রাইজ এবং যমুনা বিল্ডার্স, নূরজাহান এন্টারপ্রাইজ, আবুল হোসেন ও নদী ট্রেডিং অ্যান্ড কোং, অ্যাসোসিয়েট ট্রেডার্স, শ্যামলী এন্টারপ্রাইজ, আলআমিন এন্টারপ্রাইজ, ফারুক টোকস অ্যান্ড সাপ্লাইয়ার, সওদাগর স্টোন কমপ্লেক্স, আশিক এন্টারপ্রাইজ উল্লেখযোগ্য।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, থানা ছাত্রলীগের সভাপতি মো. বাদল প্রমুখ এই বালু ব্যবসার সঙ্গে জড়িত। গত শুক্রবার বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যবসায় জড়িত ছিলাম, এখন নেই। ছেড়ে দিয়েছি। তবে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একটি সিন্ডিকেট এখন ব্যবসা করছে।’ আওয়ামী লীগের ওই দুই নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় শ্রমিকেরা জানিয়েছেন, এই নেতারা প্রায়ই কাঁচপুরে আসেন।বিআইডব্লিউটিএর পরিচালক মাহবুবুল আলম দাবি করেন, নৌ ট্রাফিক নেই, পুলিশ চেয়ে পুলিশ পাওয়া যায় না, তাই দখলদারদের সামলানো যায় না। তিনি বলেন, নদীর দখল করা জায়গার মাটি স্থায়ীভাবে কেটে না নিলে বালু-পাথর ব্যবসা বন্ধ করা যাবে না। কিন্তু ড্রেজারের অভাবে তাও করা যাচ্ছে না। তবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ মাটি খনন শুরু করা যেতে পারে বলে মনে করছেন তিনি।ঘটনাস্থলে দেখা যায়, কাঁচপুর সেতুর পশ্চিম অংশে দুই পাশে শিমরাইল, আটি, জোকা ও কাঁচপুর মৌজায় নদীর মাঝামাঝি পর্যন্ত অংশ ভরাট করা। সেতুর শিমরাইল প্রান্তে বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবন ও জেটি নির্মাণ করেছে। নদীর জায়গায় এটা করা যায় না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিআইডব্লিউটিএর পরিচালক দাবি করেন, জেটি থাকলে নিরাপত্তা থাকে। সে জন্য এটি করা হয়েছে।প্রসঙ্গত, এই এলাকায় নদীতীর ইজারা নিয়ে এবং নদী ভরাট করে পাথর ভাঙার কারখানা বসিয়েছিলেন নারায়ণগঞ্জের বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন। পরে তাঁর ইজারা বাতিল করে দেওয়া হয়। বুধবার যে দেয়ালটি ভেঙে দুই শ্রমিক মারা গেছেন, তাও গিয়াস উদ্দিন নির্মাণ করিয়েছিলেন। জোট সরকারের শুরুতে নির্মিত এই দেয়ালের বিষয়ে ওই সময় তিনি বলেছিলেন, সেতুর নিরাপত্তার জন্য এই দেয়াল দেওয়া হয়েছে।