আবার নাটক লিখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে লেডিস ফার্স্ট ধারাবাহিকের শততম পর্ব প্রচারিত হবে। ধারাবাহিকটির নাট্যকার ফজলুল হক এবং পরিচালক এস এ হক অলিক। আজকের পর্বটিকে তাঁরা সাজিয়েছেন একটু আলাদা করে। শততম পর্বের প্রচার উপলক্ষে গত শুক্রবার রাতে আয়োজন করা হয় প্রীতি সম্মিলনী। এই আয়োজনের কিছু উল্লেখযোগ্য অংশ থাকবে আজকের পর্বে। থাকবে ক্যামেরার পেছনের গল্প আর শিল্পী ও কলাকুশলীদের কথা। আজকের কথোপকথন এই নাটকের অন্যতম অভিনয়শিল্পী রিচির সঙ্গে।মাঝে তো অনেক দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ফিরে এসে ‘লেডিস ফার্স্ট’ নাটকের কোনো কাজ করেছেন? দেশে ফেরার পর এই ধারাবাহিকেই প্রথম কাজ করেছি। আমি তো ছয় মাস যুক্তরাষ্ট্রে ছিলাম। যাওয়ার আগে পরিচালক আমার অংশটুকুর শুটিং করে রেখেছিলেন। এখন নাটকে আমার চরিত্রটির গুরুত্ব বাড়ানোর জন্য নতুন করে চিত্রনাট্য তৈরি হচ্ছে। এ মাসেই আবার শুটিং হবে।ইদানীং আর কোনো ধারাবাহিকে কাজ করেছেন?দুটি ধারাবাহিকের কথা বলব, রাজিবুল ইসলামের একটি মাকড়সার বাসা আর মশিউল আলমের লেখা ও হিমেল আশরাফের পরিচালনায় চৌধুরী ভিলা। একটি মাকড়সার বাসা নাটকের গল্পে আমি চলচ্চিত্রের একেবারেই ছোট চরিত্রে কাজ করি। সেখান থেকে একসময় দেশের জনপ্রিয় নায়িকা হয়ে যাই। সেই সংগ্রামের গল্প নিয়ে নাটকটি। ‘চৌধুরী ভিলা’?চৌধুরী ভিলায় অভিনয় করেছি বাসার কাজের বুয়ার চরিত্রে। সবাই বাসার যে চরিত্রগুলোকে গুরুত্বহীন বলে মনে করে, কিন্তু সেসব চরিত্রই প্রয়োজনের সময় কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরা হয়েছে এই নাটকে। আর কিছু করছেন?নাটক লিখেছি। নাম ওপারে একা। আমার লেখা তৃতীয় নাটক। দুই দিন আগেই শুটিং করেছি। তার মানে আমি তাতে অভিনয়ও করেছি। সঙ্গে ছিলেন অপূর্ব। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মজার ব্যাপার হলো, আমার লেখা অন্য দুটি নাটক আলোয় ভুবন ভরা এবং রূপার শেষ কথাও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তবে ওই দুটিতে আমি অভিনয় করিনি।আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কবে?এখনই যাওয়া হচ্ছে না। আমার স্বামী যুক্তরাষ্ট্রে থাকেন। ২৩ মার্চ তিনি এক মাসের জন্য দেশে বেড়াতে আসছেন। এই সময় আমি স্বামী-সংসার নিয়েই ব্যস্ত থাকব। তাই নাটকে কাজ একটু কম করব।