আবার নাটকে তাহসান-মিথিলা
তিন বছর পর আবার টিভি নাটকে জুটি হয়ে অভিনয় করছেন তাহসান-মিথিলা দম্পতি। নাটকের নাম হিট উইকেট। রচনা ইশতিয়াক আহমেদ। যৌথভাবে নাটকটি পরিচালনা করবেন ইশতিয়াক আহমেদ ও মোহাম্মদ ইস্রাফিল। নাটকের কাহিনিতে দেখা যাবে, একটি মহল্লায় বাড়ি ভাড়া নেন তাহসান। তারপর মহল্লার কিছু লোকের কারণে নানা বিড়ম্বনার শিকার হন তিনি। এঁদের মধ্যে মিথিলা অন্যতম। তিনি নানাভাবে তাহসানকে বিরক্ত করতে থাকেন। ঘটনা শেষ পর্যন্ত সালিসে গড়ায়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে হিট উইকেট নাটকের গল্প এগোতো থাকে। এসব ঘটনার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।মিথিলা বলেন, ‘বছর তিনেক আগে অবশ্য আমি আর তাহসান “মধুরেন সমাপেয়” নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর আমরা নাটকে জুটি হয়ে অভিনয় করিনি। নাটকের গল্পটি পড়ে ভালো লেগেছে। তাই অভিনয় করতে রাজি হলাম।’ জানা গেছে, দু-এক দিনের মধ্যেই নাটকটির শুটিং শুরু হবে।