আবার প্রমাণিত হলো আলোর চেয়ে গতি বেশি নিউট্রিনোর!
আলোর গতির চেয়ে অতিপারমাণবিক কণা (সাবঅ্যাটমিক পার্টিকল) নিউট্রিনোর গতি বেশি কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা দ্বিতীয়বার পরীক্ষা চালিয়েছেন। এতে আবারও প্রমাণিত হয়েছে নিউট্রিনোর গতি বেশি। সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন গবেষণাগারের যে বিজ্ঞানীরা প্রথম দাবিটি করেছিলেন, তাঁরাই দ্বিতীয় বার এ নিয়ে পরীক্ষা চালালেন। বিশ্বের সৃষ্টির রহস্যসহ গুরুত্বপূর্ণ গবেষণার জন্য স্থাপিত সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার এই সার্নেই অবস্থিত।বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার রাতে জানান, আগের পরীক্ষায় যে ফলাফল পাওয়া গিয়েছিল, নতুন পরীক্ষায় সেই একই ফল পাওয়া গেছে। ইতালীয় ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিকসের প্রেসিডেন্ট ফার্নান্দো ফেরোনি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘দ্বিতীয় বার চালানো পরীক্ষায় পাওয়া ইতিবাচক ফল আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’ অপেরা কোলাবরেশনের ১৬০ জন পদার্থবিজ্ঞানীর একজন হচ্ছেন ফেরোনি। এ প্রতিষ্ঠানটিই এর আগে এই পরীক্ষা চালিয়েছিল। বিজ্ঞানী ফেরোনি আরও বলেন, যদিও দ্বিতীয় পরীক্ষায় আগের মতোই ফলাফল পাওয়া গেছে, তার পরও পৃথিবীর অন্য কোথাও অ্যানালগ পদ্ধতিতে সেটি পরিমাপের পরই কেবল চূড়ান্ত কথা বলা যেতে পারে। তার মানে, সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আরও পরীক্ষা চালানো হবে। কারণ, এখনো অনেক পদার্থবিজ্ঞানীর মধ্যে এ বিষয়ে সন্দেহ রয়েছে। তাঁদের ধারণা, সেপ্টেম্বরে পরিচালিত প্রথম পরীক্ষায় যে ফল পাওয়া গিয়েছিল, তাতে কোথাও ভুল হয়েছে। সার্ন গবেষণাগারের বিজ্ঞানীরা গত সেপ্টেম্বরে এক পরীক্ষার ভিত্তিতে দাবি করেছিলেন, নিউট্রিনোর গতি আলোর চেয়ে বেশি। তবে কিছু মহলের সমালোচনার মুখে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁরা প্রতিবেদনটি প্রকাশের আগে আরেকবার যাচাই করা হবে বলে জানিয়েছিলেন। ওয়াশিংটন পোস্ট।