আবার প্রাণ ফিরে পেয়েছে উল্লাপাড়া পাটবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০ বছর পর উল্লাপাড়ার প্রাচীন ও মৃতপ্রায় পাটবন্দর আবার প্রাণ ফিরে পেয়েছে। কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো বন্দর এলাকা। পাট ক্রেতা-বিক্রেতা-শ্রমিকদের পদচারণে, দৌড়ঝাঁপ, ব্যস্ততায় এলাকাটি এখন মুখরিত। আবার পাটবোঝাই ট্রাক, ট্রলি, রিকশা-ভ্যান ঢুকছে বন্দরে, পাশের করতোয়া খালে ভিড়ছে মহাজনদের বড় বড় নৌকা। আশির দশকের শেষ দিক পর্যন্ত উত্তর জনপদের গুরুত্বপূর্ণ এই পাটবন্দর রমরমা ছিল। দেশের ১০/১২টি সরকারি-বেসরকারি পাটকল এখানে পাট ক্রয়কেন্দ্র খুলত। শুধু উল্লাপাড়ায় উৎপাদিত পাট নয়, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরও অন্তত দুই লাখ মণ পাট আসত এই বন্দরে। কিন্তু নব্বইয়ের দশকের গোড়ার দিকে পাটের দাম একেবারে কমে যাওয়ায় কৃষকেরা দারুণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পাশাপাশি পাট উৎপাদন কমে যাওয়ায় দেশের পাটকলগুলো এখানে তাদের ক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়। এতে স্থানীয়ভাবে প্রায় ৩০০ পাটশ্রমিক-কর্মচারী কাজ হারান। পাট ব্যবসায়ীরা নিরুপায় হয়ে অন্য ব্যবসায় পা বাড়ান। বন্ধ হয়ে যায় পাটবন্দরের কর্মচাঞ্চল্য। ফাঁকা পড়ে থাকে এখানকার শতাধিক পাটের গুদাম। উল্লাপাড়ার প্রবীণ পাট ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, ২০০৮ সাল থেকে নতুন করে পাটের দাম চাঙা হতে থাকে। কৃষকেরা আবার পাট উৎপাদনে আগ্রহী হন। বন্দর সচল হওয়ায় শুধু কৃষকেরা লাভবান হচ্ছেন না, পাশাপাশি কাজের সুযোগ পেয়েছেন দুই শতাধিক শ্রমিক-কর্মচারী, শতাধিক দেশি ও যান্ত্রিক নৌকাচালক এবং ট্রাক, ভটভটি, রিকশা ও ভ্যানচালকেরা।আব্দুস সামাদ আরও জানান, দীর্ঘদিন বন্দর অচল থাকায় অনেক পাটের গুদাম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো আবার সংস্কার করা হচ্ছে। অনেকে বন্দরে নতুন করে পাটের গুদাম তৈরির উদ্যোগ নিয়েছেন। উল্লাপাড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা আজমল হক জানান, এ বছর উল্লাপাড়ায় চার হাজার ২৭৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এই জমির পরিমাণ আড়াই গুণ বেশি। গত বছর উল্লাপাড়ায় এক হাজার ৭০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। এদিকে এ বছর উল্লাপাড়ায় প্রচুর পাট উৎপাদন হওয়ায় ও পাটবন্দর আবার সচল হওয়ায় দেশের ছয়টি পাটকল ইতিমধ্যেই তাঁদের পাট ক্রয়কেন্দ্র খুলেছে এখানে। এসব কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে করিম পাটকল, রাজশাহী পাটকল, আমিন পাটকল, বাংলাদেশ পাটকল, হাফিজ পাটকল ও ক্রিসেন্ট পাটকলের ক্রয়কেন্দ্র। এই কেন্দ্রগুলো উল্লাপাড়া পাটবন্দর থেকে এবার প্রায় চার লাখ মণ পাট কিনবে বলে সংশ্লিষ্ট ক্রয়কেন্দ্রসমূহ সূত্রে জানা গেছে।করিম পাটকলের উল্লাপাড়া ক্রয় কর্মকর্তা মোহাম্মদ ইসহাম মিয়া পাটের মূল্য বৃদ্ধি সম্পর্কে জানান, আন্তর্জাতিক বাজারে এখন পাটের প্রচুর চাহিদা। ইতিপূর্বে গোটা বিশ্বে পলিথিন সামগ্রীর বহুল ব্যবহার শুরু হলে পাট ও পাটজাত দ্রব্য মার খায়। কিন্তু পরবর্তী সময়ে পরিবেশদূষণের কারণে বিভিন্ন দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। ফলে পাটজাত সামগ্রীর ব্যবহার ও চাহিদা আবার বেড়ে যায়। মূলত এ কারণেই পাটের দাম দেশে-বিদেশে অনেক বেড়েছে। আর এ দেশের কৃষকেরাও নতুন করে আশার আলো দেখছেন।