ঢাকার নয়াপল্টনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ কাল সোমবার। দক্ষিণাঞ্চলের বিএনপির নেতা-কর্মীরা যাতে ওই সমাবেশে অংশ নিতে না পারেন, সে জন্য দক্ষিণাঞ্চলের লঞ্চ-বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল সব লঞ্চ নৌবন্দর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল নথুল্লবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-বরিশালের কোনো বাস ছাড়তে দেওয়া হয়নি।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ‘সরকার বিরোধী দলের সভা-সমাবেশের কথা শুনলেই ভীত হয়ে তাতে বাধা, গণগ্রেপ্তার, লঞ্চ, স্টিমার, বাস বন্ধ করে দিচ্ছে। গত ১২ মার্চের সমাবেশ বানচাল করার জন্য তারা যা যা করেছে, এবারও একই কাজ শুরু করেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশও করতে পারব না, এটা কোন গণতন্ত্র। আমরা তো সরকার পতনের আন্দোলন করছি না। তার পরও জণগন ঐক্যবদ্ধ হলেই সরকার নির্যাতন ও জুলুম চালায়। আজকে দক্ষিণাঞ্চলের লঞ্চ বন্ধ করে দিয়ে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষকেও সরকার দুর্ভোগে ফেলেছে।’জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল অভিযোগ করেন, বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ যাতে সফল না হতে পারে, সে জন্যই সরকার লঞ্চ-বাস বন্ধ করে দিয়েছে। তার পরও বিকল্প পথে নেতা-কর্মীরা ঢাকায় আসছেন এবং সমাবেশে অংশ নেবেন।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সরেজমিনে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে ঢাকা-বরিশাল রুটের সব কটি লঞ্চ টার্মিনাল থেকে সরিয়ে কীর্তনখোলা নদীর বিপরীত তীরে জকাউয়ারচর এলাকায় নোঙর করে রাখা হয়েছে।এ ব্যাপারে বরিশাল লঞ্চমালিক সমিতির সহসভাপতি এবং বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে সরকারি কোন নির্দেশনা আসেনি, তার পরও কেন লঞ্চ বন্ধ রয়েছে তা বলতে পারছি না। যে কারণেই বন্ধ হোক, এটা সঠিক হয়নি।’বাস বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে শ্রমিক লীগ ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মাওয়া ঘাটে সমস্যা হয়েছে, তাই শুধু ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘লঞ্চ বা বাস বন্ধ করার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি ঢাকায় আছি, এ ধরনের কোনো সংবাদ আমার জানা নাই।’