আবার বিমানকর্মীদের আন্দোলন, কাল থেকে ধর্মঘট
দাবি আদায় না হওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। আজ সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচির পর সন্ধ্যায় সিবিএ ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান ধর্মঘটের ঘোষণা দেন।এর আগে সাত দফা দাবিতে একদল শ্রমিক-কর্মচারী বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে গতকাল রোববার বেলা আড়াইটা থেকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ রাখেন। পরে রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের সহায়তায় তিনি মুক্ত হন। এরপর আজ সকাল নয়টা থেকে দিনভর বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান করেন শ্রমিক-কর্মচারীরা। ফলে বিমানের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে পারেননি। কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে বিকেল পাঁচটার মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়।তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিভাগীয় মামলা প্রত্যাহার, বিমানের জনবলকাঠামো বাস্তবায়ন, শতভাগ চিকিত্সা ভাতা প্রদান পুনর্বহাল, পোশাকের (ইউনিফর্ম) টাকা সংস্থা থেকে প্রদান, আহার ভাতা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, ৫ থেকে ২২ বছর পর্যন্ত যেসব কর্মী দৈনিক ভিত্তিতে (ক্যাজুয়াল) কাজ করছেন তাঁদের চাকরি স্থায়ী করা প্রভৃতি।বিকেল চারটার দিকে বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বলাকায় প্রবেশ করে। তাদের উপস্থিতিতেও সমঝোতার কোনো উদ্যোগ না আসায় সন্ধ্যা ছয়টায় লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন বিমান শ্রমিক লীগের সভাপতি। মশিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আন্দোলনে যেতে চাইনি। সম্ভাব্য সব জায়গায় আমাদের দাবির কথা জানিয়েছি। বিমানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমাদের দাবি মানা হয়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ শ্রমিক-কর্মচারীরা ধর্মঘটে গেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিদারুণভাবে ব্যাহত হবে। আর তাতে দেশের প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিক-কর্মচারীদের এ আন্দোলনের ব্যাপারে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে, বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনোরূপ পূর্বঘোষণা ও আলোচনা ছাড়াই সিবিএ এই আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে আজ বেলা একটায় বিমানের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এমডির সভাপতিত্বে সব পরিচালক, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা হয়। সভায় বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের সব দাবিদাওয়া আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সমাধা করা সম্ভব। তবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী এ ধরনের ধর্মঘট আহ্বান অপ্রত্যাশিত। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সভায় ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানিয়েছেন, কাল থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে তাঁদের কোনো রকম একাত্মতা নেই এবং তাঁরা এ ধরনের নিয়মবহির্ভূত আন্দোলন সমর্থন করেন না। প্রসঙ্গত, উপরিউক্ত দাবিসহ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে গত বছরের ৫ মার্চ বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। ঐক্য পরিষদের আহ্বায়ক ছিলেন মশিকুর রহমান। পরে বিমানমন্ত্রী ফারুক খান পরিষদের নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা আন্দোলন স্থগিত করেন।মশিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে বিমানমন্ত্রী গত মার্চে আমাদের চারটি দাবি মেনে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো দাবি পূরণ না করে উল্টো আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেয়। তাই দাবি পূরণে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি।’