আবার ভরাট হচ্ছে তুরাগ, আরও সংকুচিত নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাঝে মাঝে বৈঠা গিয়া ঠ্যাকে নদীর তলায়। মনে হয়, বাচ্চা পোলাপানও সাঁতরাইয়া পার হইতে পারব। আর পানি দ্যাখেন, কী রকম কালা হইয়া গেছে!’ মিরপুর সিন্নিরটেক এলাকায় খেয়ানৌকার মাঝি আবদুর রশিদ গতকাল বৃহস্পতিবার এভাবেই বোঝালেন তুরাগ নদের বর্তমান অবস্থা।সিন্নিরটেকে বহুল আলোচিত বৃত্তাকার নৌপথের ল্যান্ডিং স্টেশন ও আশপাশের এলাকা ঘুরে তুরাগ নদের বেহাল অবস্থা চোখে পড়ে। বোঝার উপায় নেই যে, নৌপথ তৈরি করতে ছয় বছর আগে ৩৬ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেটা ছিল বৃত্তাকার নৌপথ প্রকল্পের প্রথম পর্ব। বিশেষ করে ‘ল্যান্ডিং স্টেশন’ বা ঘাটগুলোয় এখন নদের পানি অনেক শুকিয়ে গেছে। আর চলছে আগের মতোই ভরাটের উৎসব। শীর্ণতর হচ্ছে নদ।পাড় ভরাট চলছেই: নদের পানি শুকিয়ে যাওয়ায় সিন্নিরটেকে বিরাট এলাকায় মাটি জেগে উঠেছে। পাড় থেকে নদের দিকে ভরাটকাজ চলছে অবিরত। গত বছর এই এলাকায় গিয়ে ১৩ কিলোমিটারের মধ্যে সাতটি স্থানে বালু-মাটি ভরাট করার ঘটনা দেখা গিয়েছিল। গতকাল সিন্নিরটেক থেকে আশুলিয়া ও আমিনবাজার এলাকায় অন্তত ১৫টি স্থানে ভরাট বা কাজ চলতে দেখা যায়। এগুলোর মধ্যে চারটি স্থানের ভরাটকাজ তুলনামূলকভাবে নতুন। সিন্নিরটেক বাজারের কাছে তিনটি স্থানে বালু ও মাটি ভরাটের কাজ চলছে। বাজারের একজন দোকানি বললেন, ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি প্রায় দুই মাস ধরে ভরাটকাজ করাচ্ছেন। তাঁর সঙ্গে আছে এলাকার কিছু মাস্তান। তাদের ভয়ে কেউ কিছু বলে না। দেখা গেল, নদীতীরের একটি অংশে এক্সক্যাভেটর দিয়ে মাটি সমান করা হচ্ছে। সেখানে দায়িত্বরত আমিনুল ইসলাম বললেন, নদী ভরাটকাজ নয়, বালু ব্যবসার জন্য মাটি ফেলা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের ‘পারমিশন’ও আছে। তবে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকার গত রাতে প্রথম আলোকে বলেন, সেখানে বালু ব্যবসার জন্য কোনো অনুমতি দেওয়া হয় না। চেয়ারম্যান জানান, তিনি শিগগিরই নদের অবস্থা দেখতে যাবেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, হাইকোর্টের আদেশ অনুসারে অতীতে যাঁরা বালু, মাটি বা ইটের ব্যবসা করতেন, তাঁদের অনুমোদন বাতিল করা হয়েছে। নতুন করে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। নদীতীরে আরেকটি ভরাট জায়গার মাঝখানে চটের ঘেরাও দিয়ে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করা হয়েছে। অভিজ্ঞতা থেকে ধারণা করা যায়, এটি সম্ভাব্য দখলের প্রাথমিক উদ্যোগ। সিন্নিরটেক ছাড়া বাকি ভরাটগুলো হয়েছে আশুলিয়া, ধউড়, আমিনবাজার প্রভৃতি এলাকায়। আমিনবাজার সেতুর নিচে দুই ধারে দ্বীপের আকৃতিতে বালু জমে আছে। সেখানে বালুর ব্যবসা চলছে। দখলদারদের ভরাটের কারণে এসব কৃত্রিম ‘চর’ গড়ে উঠেছে। সেতুর পূর্ব প্রান্তে ভরাট স্থানে কিছু ঘরও তোলা হয়েছে। আছে ভরাট জমিতে ট্রাক চলাচলের অস্থায়ী রাস্তাও। দিয়াবাড়ি এলাকায় বহু দিন থেকে বসবাস করছেন—নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক ব্যক্তি বলেন, এলাকার প্রভাবশালীরা নদী দখল করে ভরাট করেছেন। কয়েক মাস আগে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ ভরাট জায়গা দখলমুক্ত করে। কিন্তু উপযুক্ত তদারকির অভাবে আবার অনেক জায়গা ভরাট হয়ে যায়। বৃত্তাকার নৌপথ প্রকল্পের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন নদী রক্ষায় ৯৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ প্রকল্প বাস্তবায়ন করছে। তুরাগও এর আওতায় পড়েছে। এ প্রকল্পের মাধ্যমে তুরাগেও খননকাজ করে তা দখলমুক্ত করা হবে বলে আশা করা যায়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, তাঁদের উদ্যোগেও শিগগিরই নতুন করে বৃত্তাকার নৌপথের সংস্কারকাজ করা হবে। প্রসঙ্গত, রাজধানীর যানজট কমিয়ে আনার লক্ষ্যে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার নৌপথের প্রথম পর্ব চালু হয়। সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নৌপথে ১০টি ল্যান্ডিং স্টেশনও করা হয়। কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণ করা হয় না।