পুনরায় পরীক্ষা না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান সম্ভব বলে মত দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।জাফর ইকবাল আদালতে মতামত দিয়ে বলেছেন, পুনরায় ভর্তি পরীক্ষা না নিয়েই খুব সহজে সঠিক ফলাফল পুনর্মূল্যায়ন সম্ভব। এ জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। প্রশ্নপত্র বা উত্তরপত্র বিনষ্ট হয়ে থাকলে পুনরায় পরীক্ষা নেওয়া হয়ে থাকে। বর্তমানে যে অবস্থায় আছে, সে ক্ষেত্রে আবার ভর্তি পরীক্ষা নেওয়া হলে সেটা যথার্থ হবে না।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে উপস্থিত হয়ে অধ্যাপক জাফর ইকবাল এই মতামত দেন। গত ২৪ আগস্ট বিশেষজ্ঞ মতামত দিতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল।প্রায় ১৫ মিনিট আদালতে বক্তব্য দেন অধ্যাপক জাফর ইকবাল। এ ছাড়া আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন ও রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানি নিয়ে আদালত বুধবার পরবর্তী দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে অধ্যাপক জাফর ইকবাল, অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসতে এবং বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ ছাড়া ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং অধ্যাপক জাফর ইকবালকে আসতে বলেছেন আদালত।শুনানির শুরুতেই মতামত দেওয়ার জন্য আসায় অধ্যাপক জাফর ইকবালকে স্বাগত জানান আদালত। জাফর ইকবাল শুরুতেই একজন শিক্ষক হিসেবে মতামত দিচ্ছেন বলে জানান। এরপর ভর্তি পরীক্ষা ও প্রক্রিয়ার বর্ণনা তুলে ধরেন তিনি বলেন, ‘আমার ধারণা, বিষয়টি জটিল নয়। পরীক্ষা-সম্পর্কিত পুরো তথ্য রয়েছে; যেভাবে খুশি, সেভাবে নতুন করে মূল্যায়ন করা যায়। যে কয়টি প্রশ্নে সঠিক উত্তর নেই, সেগুলো বাদ দিয়ে পুনর্মূল্যায়ন করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞান বিভাগ আছে। অনেক বড় আইটি বিশেষজ্ঞ আছেন। তাঁরা এই কাজ করলে ভুল হতো না বলে আমার মনে হয়।’অধ্যাপক জাফর ইকবাল আরও বলেন, উত্তরপত্র ধ্বংস হয়ে গেলেই কেবল আবার পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে আসতে পারে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯৪টি প্রশ্ন সঠিক ছিল। এখন ওই উত্তরপত্র আবার মূল্যায়ন করা সম্ভব। প্রশ্নপত্রে সঠিক দেওয়া থাকলেও যেসব প্রশ্ন ভুল উত্তরে মূল্যায়ন করা হয়েছে, সেগুলো সঠিক উত্তর দিয়ে মূল্যায়ন করা যাবে। এতে অনেকের নাম বাদ পড়তে পারে, আবার কেউ আসতে পারেন।অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু এবারের জন্য প্রতিটি বিভাগে ১০টি করে আসন বাড়িয়ে দিতে পারে। যারা দ্বিতীয়বারের মতো এখানে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের তৃতীয়বারের মতো আগামীবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।’এটা ভুল না অবহেলা—আদালতের এক প্রশ্নের জবাবে জাফর ইকবাল বলেন, এটা অবহেলা। ভর্তি কমিটির সবাইকে দায়িত্ব নিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে সব বিশ্ববিদ্যালয়ের একসঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন অধ্যাপক জাফর ইকবাল।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।