আবার মঞ্চে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি থিয়েটার মঞ্চে আনে ১৯৭৬ সালে। এটি ছিল থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা। দারুণ দর্শকনন্দিত এই নাটকটির ১১০তম প্রদর্শনী হয় ২০০১ সালে। এরপর মঞ্চে আর দেখা যায়নি নাটকটি।১০ বছর পর আবার নতুন করে নাটকটি মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে থিয়েটার। থিয়েটারের অন্যতম পরিচালক রামেন্দু মজুমদার বলেন, ‘ঢাকায় অফিসার্স ক্লাবের আমন্ত্রণে নাটকটির নতুন করে প্রদর্শনী হবে ৯ ডিসেম্বর। নাটকটির নাট্যকার, নির্দেশক ও অভিনয়শিল্পী আবদুল্লাহ আল-মামুন প্রয়াত হয়েছেন। এ ছাড়া পুরোনোদের মধ্যে কয়েকজনকে পাওয়া যাবে না। এই চরিত্রগুলোতে নতুন অভিনয়শিল্পীদের যুক্ত করা হচ্ছে। সামনে আমরা নাটকটির নিয়মিত প্রদর্শনী করব।’রামেন্দু মজুমদার আরও বলেন, ‘আবদুল্লাহ আল-মামুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা নতুন আর পুরোনো শিল্পীদের নিয়ে নাটকটি নতুন করে মঞ্চে আনছি। ঈদের পরই নাটকটির মহড়া শুরু হবে।’