আবার মঞ্চে ‘ময়ূর সিংহাসন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরণ্যক নাট্যদলের জনপ্রিয় নাটক ময়ূর সিংহাসন আবার মঞ্চে আসছে। জানা গেছে, লোক নাট্যদল আয়োজিত উৎসবে নাটকটির প্রদর্শনী হবে ২৪ নভেম্বর। এরপর ২৭ নভেম্বর সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে নাট্যলোকের নাট্যোৎসবে। ২০০৯ সালের অক্টোবর মাসে নাটকটির শততম প্রদর্শনী হয়।নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। আবারও নাটকটি মঞ্চে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মঞ্চনাটকের নির্দেশনায় দ্বিতীয় প্রজন্মের একজন নির্দেশকের নাটকের শততম প্রদর্শনী হয়েছে, এটি আমাদের জন্য আনন্দের। নাটকটি আবারও মঞ্চে আসছে। এরই মধ্যে নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট অনেককেই আমরা হারিয়েছি। আমরা স্মরণ করছি নুরুল হক, আমিনুল হক, এহসান দীপু ও নাজমা আনোয়ারকে।’নাটকটি লিখেছেন মান্নান হীরা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, সংসার-বন্ধন ছিন্ন করা মঞ্চের নাট্যাভিনেতা, গৃহহীন অভিনেত্রী এবং সমাজ প্রত্যাখ্যাত কুশীলবদের সংলাপের মধ্য দিয়ে উচ্চারিত হতো দেশপ্রেমের বাণী, তখন তার ঢেউ গিয়ে লাগত পথে-প্রান্তরের গণতন্ত্র আর স্বায়ত্তশাসনের রাজনীতিতে। সেই আলো জ্বালা মানুষের ব্যক্তিগত জীবন ছিল নানা দুঃখ-কষ্টে ভরা। সেই সব মানুষের কথা নিয়েই ময়ূর সিংহাসন নাটকটি।