আবার মহাসড়ক অবরোধ, পোশাক কারখানা ভাঙচুর
নারায়ণগঞ্জে গতকাল বুধবার আবারও মহাসড়ক অবরোধ এবং তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় গতকাল দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাব পৌরসভার টাটকী এলাকার অ্যারো অ্যাপারেলস অনির্বাণ ও অ্যারো অ্যাপারেলস মোহাম্মদী কারখানার শ্রমিকেরা প্রতিদিনের মতো সকালে কারখানায় উপস্থিত হন। কিন্তু তাঁরা কাজে যোগ না দিয়ে সকাল আটটার দিকে বেতন-ভাতা বৃদ্ধি, হাজিরা বোনাস ২০০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় হামলা ও ভাঙচুর চালান। শ্রমিকেরা বেলা ১১টার দিকে কারখানার পাশেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক আর্মড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে পথচারীসহ কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন। তাঁরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। দুপুর একটার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল শুরু হয়। তবে এর জের ধরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকেল পাঁচটা পর্যন্ত তীব্র যানজট ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ বেপরোয়াভাবে শ্রমিকদের লাঠিপেটা করে। এতে ৩০ জন আহত হন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়। এর আগে গত সোমবার সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরীর এস এফ ফ্যাশন লিমিটেড এবং মঙ্গলবার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেনআমাদের সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল সকাল আটটায় কাজে যোগ দিয়েছেন। কারখানার শ্রমিক মো. হালিম, আলম, রফিক ও মো. আতিক জানান, শ্রমিকদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে তাঁরা কাজে যোগ দিয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।