আবার মাঠে নামছে বিএনপি
দুই মাস পর নতুন করে আবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালই হবে মূল দাবি। এই দাবিতে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে ধারাবাহিক নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে। তাঁরা জানান, রাজনৈতিক অঙ্গনে বড় কোনো ঘটনা না ঘটলে দলটি আপাতত হরতাল দিতে চায় না। সরকারবিরোধী ব্যাপক জনমত গড়ে তোলার লক্ষ্যে রোডমার্চ, লংমার্চ, মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মতো অহিংস কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে দল গোছানো এবং রাজধানীসহ সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।আজ শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক হবে। এই বৈঠকে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হতে পারে।সূত্র জানায়, বৈঠকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক এবং সমমনা রাজনৈতিক দলগুলোর আন্দোলনে ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। তবে এখনই জোটবদ্ধ আন্দোলন বা জোটের শরিকের সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই।সূত্র আরও জানায়, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হবে। বিএনপি মনে করে, চুক্তির খসড়া প্রকাশ না করে ভারতের সঙ্গে দেশের স্বার্থপরিপন্থী চুক্তি করা হচ্ছে। চুক্তি প্রকাশ না করার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হলো, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা। এ জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, তার সবই করবে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির একাধিক জ্যেষ্ঠ সদস্য প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি আদায় করতে লম্বা সময় ধরে আন্দোলনের প্রয়োজন আছে। দুই বছরের মধ্যে আন্দোলন যাতে চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে কর্মসূচি সাজানো হবে।স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ নেতা আরও বলেন, একই লক্ষ্যে সমাজের প্রভাবশালী অংশ এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনার নির্দেশনাও দিয়েছেন দলের চেয়ারপারসন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি গত ৬ ও ৭ জুলাই হরতাল করে। এরপর এই দাবিতে দলটির আর কোনো বড় কর্মসূচি দেখা যায়নি। তা ছাড়া এর আগে দলটি বিভিন্ন দাবিতে হরতালসহ যেসব কর্মসূচি পালন করেছিল, সেগুলোতে বিএনপির নেতাদের অংশগ্রহণও জোরালো ছিল না। দলের ভেতর দ্বন্দ্ব-কোন্দলও কম নয়। তাই আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন করে আন্দোলন আরও সংঘবদ্ধ ও সর্বাত্মক করতে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল কমিয়ে দলকে সংগঠিত করার ওপরও জোর দেওয়া হবে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালকে মূল দাবি রাখার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যু ৎ -পানির সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মানুষের দৈনন্দিন সমস্যা-সংকট নিরসনে সরকারের ব্যর্থতা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সরকারের নানা প্রতিশ্রুতি এবং সেগুলো পূরণ না হওয়ার তালিকা প্রচারপত্র ও পোস্টার আকারে বিতরণের পরিকল্পনাও রয়েছে দলটির।