আবার মুখরিত রায়গঞ্জের মিলন পাঠাগার
‘একসময় এখানে বই পড়ার জন্য প্রচুর লোক আসতেন। জমে উঠত বই পড়ার আসর। অনেকে বই বাড়ি নিয়ে যেতেন। পাঠকদের পদভারে পাঠাগার প্রাঙ্গণ মুখরিত থাকত। কিন্তু মাত্র ৪০ বছরে এসেই পাঠাগারটি তার জৌলুশ হারিয়ে ফেলে। এখন আবারও এলাকার কিছু মানুষ চেষ্টা করছে পাঠাগারটিকে দাঁড় করাতে। পাঠাগারটি আগের ঐতিহ্য ফেরত পাবে বলে বিশ্বাস করেন অনেকে। এ আশায় আমরা এখনো পাঠাগারটি ধরে রেখেছি, নষ্ট হতে দেইনি।’ কথাগুলো বললেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়ার পুরাতন চৌরাস্তা মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী মিলন পাঠাগারের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। জানা যায়, ১৯৭০ সালে উপজেলার প্রাণ ধানগড়ায় ৪ শতক জমির ওপরে এলাকার শিক্ষানুরাগী একদল মানুষ পাঠাগারটি গড়ে তোলেন। পাঠাগারটি শুধু বই পড়ার কেন্দ্রই ছিল না। এটি এলাকার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার একটি কেন্দ্র হিসেবেও খ্যাতি লাভ করে। মুক্তিযুদ্ধের সময় এলাকার অন্যান্য স্থাপনার মতো পাঠাগারটিও পাকহানাদার বাহিনীর রোষানলে পড়ে। তারা পাঠাগারটি পুড়িয়ে দেয় এবং বই পুস্তক লুটপাট হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর পাঠাগারের কার্যক্রম স্তিমিত হয়ে যায়। উদ্যোক্তাদের অনেকেই এর মধ্যে মৃত্যুবরণ করলে পাঠাগারের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০০৯ সালে মিলন পাঠাগারের নতুন কমিটি গঠন হয়। এতে প্রতিষ্ঠাতা সদস্যদের সন্তানদের মধ্য থেকে ডা. সিরাজুল ইসলাম সভাপতি ও শামসুল হক সওদাগর সাধারণ নির্বাচিত হন। বর্তমান কমিটি পাঠাগারটিকে পূর্ণাঙ্গ পাঠাগার হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বর্তমানে পাঠাগারে পড়াশোনার একটি পরিবেশ তৈরি হয়েছে।পাঠাগারের সাধারণ সম্পাদক শামসুল হক সওদাগর বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত এই লাইব্রেরিটিকে টিকিয়ে রাখতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা এখন অভিভাবক হিসেবে সহযোগিতা করতে চাই।’রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, এটি একটি প্রাচীণ প্রতিষ্ঠান। এখানে বহু মূল্যবান বই-পুস্তক ছিল।ধানগড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আশরাফুল আলম বলে, ‘পাঠাগারটি পুরোদমে চালু হলে আমাদের খুব উপকার হবে।’ পাঠাগারটির প্রতিষ্ঠাতা সদস্য নূর-এ-আলম সরকার বলেন, এ পাঠাগারে একসময় অনেক কিছু ছিল। নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা, তারা উদ্যোগ নিয়ে এটির হারানো গৌরব ফিরিয়ে আনবে।’ এ ব্যাপারে পাঠাগারের সভাপতি ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করছি পাঠাগারটিকে আবারও দাঁড় করাতে। এ জন্য সবার সহযোগিতা দরকার।’