আবার যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া, উত্তর কোরিয়া ক্ষুব্ধ, চীন উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিতীয় সামরিক মহড়ার প্রস্তুতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। কাল সোমবার এই যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার পাশাপাশি এই সামরিক মহড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক পরাশক্তি চীন। খবর রয়টার্সের।গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নৌ-সীমানার কাছে একটি সামরিক মহড়ার আয়োজন করে। সেই মহড়ায় ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া সেখানে কয়েক রাউন্ড কামানের গোলা বর্ষণ করে। কাল সোমবারের যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উত্তর কোরিয়া জানিয়েছে, নতুন করে এই সামরিক মহড়া অত্যন্ত বিপজ্জনক এবং এই মহড়া এ অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কায় ঘৃতাহুতি হতে পারে।তবে বিশ্লেষকেরা মনে করেন, যেকোনো সামরিক মহড়ার প্রারম্ভে উত্তর কোরিয়া বারবার যুদ্ধের হুমকি দিলেও, যুদ্ধে জড়িয়ে পড়া তাদের জন্য যথেষ্টই কঠিন। কারণ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ লাগলে, সেখানে যুক্তরাষ্ট্রও অনিবার্যভাবে জড়িয়ে পড়বে। আর যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক শক্তির সঙ্গে পেরে ওঠা উত্তর কোরিয়ার পক্ষে সম্ভব নয়।এদিকে যুক্তরাষ্ট্র মনে করে, আগামী কয়েক মাসে উত্তর কোরিয়া নতুন করে এ অঞ্চলে নানাভাবে যুদ্ধের উসকানি দিতে পারে। কারণ, এ মুহূর্তে দেশটিতে নতুন এক রাজনৈতিক মেরুকরণ চলছে। উত্তর কোরীয় নেতা কিম জং ইল চাচ্ছেন, তাঁর সবচেয়ে ছোট ছেলেকে রাজনৈতিক উত্তরসূরি বানাতে। এ সময় তিনি রাজনৈতিক কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি উত্তেজনা তৈরি করতে চাইবেন।এই যৌথ সামরিক মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে তার আগ্রাসী মনোভাবের ব্যাপারে সতর্ক করে দিতে চায় বলে জানা গেছে।