জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আরও তিন দিন, সংগঠনটির অপর দুই নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ও আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিলসহ সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন।এর মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালে রাজধানীর পল্লবীতে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সিআইডি মুজাহিদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্লবীর দুয়ারিপাড়ার আমির হোসেন মোল্লা ২০০৮ সালের ২৪ জানুয়ারি এ মামলাটি করেন। এ মামলায় গত ৩০ জুন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় কাদের মোল্লা ও কামারুজ্জামান এখন রিমান্ডে রয়েছেন।আর কামারুজ্জামানের ছেলে এবং কাদের মোল্লার ছেলে ও দুই জামাতাসহ সাতজনকে আদালতের কাজে বিঘ্ন ও নাশকতামূলক কাজের চেষ্টার অভিযোগে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম এ জি এম আল মাসুদ। জামায়াতের নেতাদের এসব স্বজনকে আদালত প্রাঙ্গণে মিছিল ও বিচারকাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে গত বুধবার পুলিশ গ্রেপ্তার করে। অবশ্য আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক দাবি করেন, কামারুজ্জামান ও কাদের মোল্লার স্বজনদের তাঁর চেম্বার থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আদালতে প্রাঙ্গণে কোনো মিছিল বা নাশকতার চেষ্টার অভিযোগ বানোয়াট বলে আইনজীবী দাবি করেন।এ ছাড়া মুজাহিদ ও সাঈদীকে হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বেঠকের অভিযোগে করা উত্তরা থানার একটি মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ মামলায় ৩০ জুন তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এ মামলায় রিমান্ড আদেশ বাতিল চেয়ে নিজামী, মুজাহিদ ও সাঈদীর পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট কিছু নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রিমান্ড আদেশ বাতিল করেননি। তবে আসামিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ, ফিজিওথেরাপির ব্যবস্থা ও তাঁদের একটি করে বালিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রমনার মামলায় রিমান্ড শেষ: এদিকে রমনা থানার একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে মগবাজারে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এতে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মারা যাওয়ার ঘটনায় রমনা থানার পুলিশ এ মামলাটি করে। হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা: বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার মামলায় জামায়াতের নেতা সাঈদীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। গতকাল সাঈদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেন ১৮ জুলাই।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম জানান, এই মামলায় সম্প্রতি বগুড়ায় গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহীদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়। আদালত এই জঙ্গি নেতাকে বগুড়া থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার নির্দেশ দিয়েছেন।