আবার লক্ষ্যাপারের শাস্ত্রীয় সংগীত সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অনেক বছর আগে শাস্ত্রীয় সংগীতের আসর বসত জমিদার কিংবা কোনো সম্ভ্রান্ত পরিবারের বাড়ির আঙিনায়। রাতভর চলত ওই আসর। ওই সব আসরে সাধারণ কারও প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু শীতলক্ষ্যা নদীপারের এই এলাকায় সাধারণ মানুষের মধ্যে সংগীতচর্চার একটা ইতিহাস আছে। সেই ঐতিহ্যকে মনে করিয়ে দিতে দুই বছর আগে পৌষ মাসের তৃতীয় তারিখে লক্ষ্যাপার আয়োজন করে শাস্ত্রীয় সংগীত সম্মেলন। দ্বিতীয়টি আয়োজন করা হয় ১৬ পৌষে। এবার তৃতীয়টি হচ্ছে ২২ পৌষ। নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এই আয়োজন শুরু হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। উদ্বোধন করবেন বর্ষীযান তালগুরু তবলাশিল্পী মদনগোপাল দাস। এই আয়োজনে তাঁকে দেওয়া হবে আজীবন সম্মাননা। টানা চলবে পরদিন ভোর ছয়টা পর্যন্ত। তৃতীয় বার্ষিক লক্ষ্যাপার শাস্ত্রীয় সংগীত সম্মিলনের সমন্বয়ক অসিত কুমার জানান, সাড়ে ১১ ঘণ্টার এই আয়োজনে শিল্পীরা খেয়াল, ধ্রুপদ, তারানা, ঠুমরি গান পরিবেশন করবেন। থাকবে বাদ্যযন্ত্রের পরিবেশনাও। এর মধ্যে আছে সেতার, সরোদ, সন্তুর, তবলা ও বেহালা। এই আয়োজনে অংশ নিতে ভারত থেকে এসেছেন আরশাদ আলী (কণ্ঠ), শুদ্ধশীল চ্যাটার্জি (সন্তুর) ও রোহন নাইডু (বেহালা)। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠে অনুপ বড়ুয়া, অশোক চৌধুরী, ইশরাত জাহান, শায়লা তাসমীন ও পারমিতা; শামিম জহির (সরোদ), পিনুসেন দাশ (তবলা) ও নিশিত দে (সেতার)। অসিত কুমার বললেন, ‘এ ধরনের একটি শাস্ত্রীয় সংগীত সম্মেলনের আয়োজন করার জন্য বছর তিনেক আগে বন্ধুরা মিলে একটি সংগঠন গড়েছিলাম। তার নাম দিয়েছি লক্ষ্যাপার। শাস্ত্রীয় সংগীতের চর্চা বাড়ানো এবং শোনার ব্যাপারে সবার আগ্রহ তৈরি আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যাঁরা শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এর মধ্য দিয়ে তাঁদেরও সম্মানিত করছি।’শাস্ত্রীয় সংগীত সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ২৮টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার সেরা তিনজনকে দেওয়া হচ্ছে প্রণোদনা বৃত্তি।