আবার শুরু হচ্ছে ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’
‘আপনার প্রশ্ন আপনার ভবিষ্যৎ’—এই মূল ভাবনা সামনে রেখে আবার শুরু হচ্ছে বাংলাদেশে বিবিসির জনপ্রিয় আয়োজন ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’। ১৮ নভেম্বর থেকে সংলাপের মোট ৬০টি পর্ব প্রচার করা হবে বিবিসি বাংলা ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সংলাপের প্রথম পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নির্বাচন কোন পদ্ধতিতে?’। ঢাকায় ১৭ নভেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হবে। বিবিসি বাংলা রেডিওর ফোন ইন অনুষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁদের মতামত জানাতে পারবেন।বিবিসি বাংলা রেডিওতে প্রতি রোববার রাত আটটায় (প্রতি মঙ্গলবার রাত আটটায় পুনঃপ্রচার) এবং চ্যানেল আইতে প্রতি সোমবার রাত সাতটা ৫০ মিনিটে (প্রতি মঙ্গলবার সকাল পাঁচটা ও বেলা তিনটা পাঁচ মিনিটে পুনঃপ্রচার) প্রচার করা হবে। আয়োজকেরা আশা করছেন, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যেন তাঁদের প্রশ্ন করার অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হন এবং তাঁদের প্রশ্নগুলো যেন সহজেই সবার সামনে তুলে ধরতে পারেন সেই সুযোগ তৈরি করতে এই সংলাপ কাজ করবে এবং জবাবদিহির একটি ক্ষেত্র তৈরি হবে।বিবিসি মিডিয়া অ্যাকশনের আবাসিক পরিচালক শারলট ইমবার্ট বলেন, অনুষ্ঠানটি এবারও দেশের মানুষকে তাঁদের নেতাদের মুখোমুখি হয়ে নিজেদের প্রশ্নগুলো তুলে ধরার সুযোগ করে দেবে।এক প্রশ্নের জবাবে বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদক সাবির মুস্তফা বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য বা সাহস বিবিসির নেই। একটি গঠনমূলক অবদান রাখার জন্যই মূলত এই আয়োজন।’এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’-এর ১৫০টির বেশি পর্ব প্রচারিত হয়েছিল।