আবার সংগঠিত হচ্ছে তাআমীর উদ-দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তারের দুই দিন পর ঝালকাঠির নলছিটিতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছেন আরও নয়জন। এই নয়জন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে পুলিশ সন্দেহ করছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এঁরা সবাই জঙ্গি সংগঠন তাআমীর উদ-দীন বাংলাদেশের সঙ্গে যুক্ত। হুজির সাবেক চিফ কমান্ডার (সামরিক শাখার প্রধান) মুফতি আবদুর রউফ তাঁদের নেতা।মুফতি রউফ নব্বইয়ের দশকের শেষ দিকে হুজি থেকে বেরিয়ে গড়ে তোলেন আরেক জঙ্গি সংগঠন তাআমীর উদ-দীন বাংলাদেশ। তিনি ২০০৬ সালে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। সংগঠনটি আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে ঢাকায় একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে নলছিটি উপজেলার কামদেবপুরের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসার মসজিদে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি গ্রেনেড, চারটি রামদা, কয়েকটি পুস্তিকা, কম্পিউটার কম্পোজ করা সাংগঠনিক নির্দেশিকা ও আটটি মুঠোফোন উদ্ধার করা হয়।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, উদ্ধার করা গ্রেনেডটি অকেজো মনে হচ্ছে। মরচে পড়ায় গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা পড়া যাচ্ছে না।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের আবুল বাসার মৃধা (৪০), পূর্ব সরমঙ্গল গ্রামের মিনহাজুল আবেদীন (১৯), মজুমদারকান্দি গ্রামের আবদুল আজিজ (২৮), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জাকোর গ্রামের সিরাজুল ইসলাম (৪৩), ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের মশিউর রহমান (৩২), মালুহার গ্রামের নুরুল ইসলাম (২৫), বাকিবিল্লাহ (২০), হারদল গ্রামের সোহাগ হাওলাদার (৩২) ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. জুবায়ের (২৫)। তাঁদের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, এঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ১৮ আগস্ট রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।এই গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শুদ্ধভাবে কোরআন পড়ানোর নাম করে ওই মাদ্রাসার মসজিদে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। পুলিশ সুপার জানান, এঁদের মধ্যে দলনেতা মশিউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, কারাবন্দী জঙ্গিনেতা মুফতি আবদুর রউফের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কিছুদিন আগেও তিনি কাশিমপুর কারাগারে গিয়ে মুফতি রউফের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া মশিউর প্রায়ই কারারক্ষীদের মুঠোফোনের মাধ্যমে জঙ্গিনেতা রউফের সঙ্গে কথা বলেন। পুলিশের একটি সূত্র জানায়, কারাবন্দী মুফতি আবদুর রউফের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রেপ্তারকৃত মশিউর জঙ্গিদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য নলছিটির মতো প্রত্যন্ত অঞ্চলকে বেছে নেন তিনি। এ ছাড়া মশিউরের সঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা তালহার যোগাযোগ ছিল। এর আগে তাঁরা দুজন পার্বত্য চট্টগ্রামের গহিন অরণ্যে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিলেন। গতকাল আদালতের বারান্দায় গ্রেপ্তার হওয়া মশিউরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি মুফতি রউফের সঙ্গে কারাগারে গিয়ে দেখা করা এবং একসময় ময়মনসিংহের ভালুকার জঙ্গলে রউফের প্রতিষ্ঠিত জীবনতলা মাদ্রাসায় লেখাপড়া করতেন বলে স্বীকার করেন। প্রসঙ্গত, মুফতি রউফের নেতৃত্বে তাআমীর উদ-দীন প্রতিষ্ঠার পর ভালুকার ওই মাদ্রাসাটি ছিল প্রধান আস্তানা। এখানে বাংকার খনন করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো জঙ্গিদের। ২০০৬ সালের ২ আগস্ট এ মাদ্রাসায় র্যাব অভিযান চালিয়ে মুফতি রউফসহ ২৫ জঙ্গিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করে। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নেওয়া মুফতি রউফ এ দেশে হুজির প্রতিষ্ঠাকালীন কমিটির চিফ কমান্ডার ছিলেন। পরে তিনি হুজি ছেড়ে তাআমীর উদ-দীন প্রতিষ্ঠা করেন। এসব তথ্য মশিউর জানেন বলে স্বীকার করেন। একই সঙ্গে দাবি করেন, রউফ গ্রেপ্তার হওয়ার পর তাআমীর উদ-দীন ভেঙে গেছে। মশিউর এ প্রতিবেদকের কাছে আরও দাবি করেন, মাদারীপুরের টেকেরহাট মোড়ে অবস্থিত তামীরুল কোরআন নামে নুরানি শিক্ষা বোর্ডের প্রধান সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সূত্রে নলছিটির ওই মাদ্রাসায় নুরানি কোরআন শিক্ষার কর্মসূচি চালু করার জন্য চেষ্টা করছিলেন। সিরাজুল ইসলামও বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। আর টেকেরহাটের অদূরে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে মুফতি আবদুর রউফের বাড়ি।গতকাল সকালে নলছিটির মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে গিয়ে খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা ও মসজিদটি তালাবদ্ধ পাওয়া যায়। মাদ্রাসার কোনো সাইনবোর্ড নেই। ভবানীপুর-তালতলা সড়কের দক্ষিণ পাশে অবস্থিত মাদ্রাসাটির ২০০ গজ পশ্চিমে নাচনমহল বাজার। বাজারের ব্যবসায়ী মো. আয়নাল হক বলেন, কামদেবপুর গ্রামের মাওলানা আবদুল খালেক ১৯৯৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই মাদ্রাসার অধ্যক্ষ। বছর তিনেক আগে তিনি একতলা পাকা মসজিদটি নির্মাণ করেন। মাদ্রাসার কিছু দূরে আবদুল খালেকের বাড়ি। গতকাল সকালে গিয়ে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই আতাহার মল্লিক জানান, গত বুধবার বিকেলে খালেক একটি বিয়ের অনুষ্ঠানে গেছেন, আর ফেরেননি।কামদেবপুর গ্রামের আবদুর রাজ্জাক বলেন, ঈদের ছুটির পর মাদ্রাসা এখনো চালু হয়নি। তাঁরা শুনেছেন সেখানে বাইরের কিছু লোক এসে কোরআন শরিফ পড়ানোর নুরানি প্রশিক্ষণ দিচ্ছেন। তাই এলাকার মানুষ এ নিয়ে মাথা ঘামায়নি।