আবার সংগঠিত হচ্ছে হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সংগঠিত হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে আরও কিছুদিন সময় নেবে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠন। কর্মসূচি ও কর্মপরিকল্পনা ঠিক করতে শিগগিরই চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় ওলামা সম্মেলন ডাকা হবে। তাতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক প্রতিনিধিত্বশীল আলেমদের আমন্ত্রণ জানানো হবে।হেফাজতে ইসলামের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে আগের মতো বড় ধরনের কর্মসূচি নেওয়ার ব্যাপারে সংগঠনের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।বার্ষিক পরীক্ষা এবং পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে ১৭ আগস্ট থেকে সারা দেশের কওমি মাদ্রাসাগুলো খুলেছে। এখন মাদ্রাসাগুলোতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। তা চলতি মাসের শেষ পর্যন্ত চলবে। এর পরই ওলামা সম্মেলন ডাকা হবে।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহি প্রথম আলোকে বলেন, এবারের কর্মসূচির ধরন কী হবে, তা ওলামা সম্মেলনে শীর্ষস্থানীয় আলেমরা ঠিক করবেন। গত ৫ মে রাতে রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশে অভিযানে নিহত ব্যক্তিদের তালিকা কখন, কীভাবে প্রকাশ করা হবে, সে ব্যাপারেও ওই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ঘনিষ্ঠজন ও সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ নেতা জানান, ৩০ আগস্ট সারা দেশে মতিঝিলের ‘শহীদদের’ স্মরণে দোয়া দিবস কর্মসূচি পালন করা হবে। এরপরের কর্মসূচিগুলোতে ঘরোয়া সভা ও বিভিন্ন এলাকায় সমাবেশের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া রাজধানীতে বড় একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।কথিত নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবিতে গত এপ্রিল মাসে আন্দোলন শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব দাবিতে গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। ওই অভিযানে ছত্রভঙ্গ হয়ে পড়ে হেফাজত। দাবি আদায়ে আবার মাঠে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে রাখলেও গত জুলাইয়ে হেফাজতের আমির আহমদ শফীর এক ওয়াজের বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারী, নারীশিক্ষা ও তৈরি পোশাকশ্রমিকদের চাকরি নিয়ে ‘অশালীন ও কুরুচিপূর্ণ’ ওই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে হেফাজত। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন হেফাজতের নেতারা।এদিকে গত মঙ্গলবার হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়কসহ ১১ জন নেতার জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় সংগঠনের নেতাদের মধ্যে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। এ ঘটনাকে সরকারের তরফ থেকে সতর্কবার্তা হিসেবে দেখছেন হেফাজতের নেতারা। গত ৫ মে রাজধানীর ছয় প্রবেশপথে হেফাজতে ইসলামের অবরোধ ও মতিঝিলে অবস্থান কর্মসূচির পরদিন সোনারগাঁয়ের কাঁচপুরে পুলিশ বক্সে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের ১১ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে ১১ জন উচ্চ আদালত থেকে ২০ আগস্ট পর্যন্ত জামিনে ছিলেন। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলে পাঠানোর নির্দেশ দেন।এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের মতো আর কোথাও হেফাজতের নেতাদের গ্রেপ্তার বা জেলে পাঠানোর ঘটনা ঘটলে সেপ্টেম্বরের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম মহাসচিব জানিয়েছেন।এদিকে গতকাল বৃহস্পতিবার শাহ আহমদ শফী এক বিবৃতিতে দেশের সব গ্রাম ও পাড়ায় হেফাজতে ইসলামের কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, এসব কমিটি ‘নাস্তিক্যবাদ’ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে।