আবার সন্তান বুকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মইরা গেলে তোর বড় মামারে ফোন কইরা আমারে কবর দিতে কবি। আর তুই ছোড মামার লগে থাকবি। দাদার বাড়ি যাইস না, গেলে তরেও মাইরা ফালাইব।’ এই বলে বড় মামার ফোন নম্বর আর ৬০০ টাকা নয় বছরের নাজমুলের পকেটে ঢুকিয়ে দিয়েছিলেন মা মাকসুদা। আর নিজে দেড় বছরের মেয়ে তানজিনাকে কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন চলন্ত ট্রেনের সামনে। ট্রেনের ধাক্কায় দুই দিকে ছিটকে পড়েন মা ও মেয়ে।স্বামী আশরাফ আলী তাঁকে তাড়িয়ে দিয়েছেন, মুখে মুখে তালাকও দিয়েছেন। এ জন্যই কোলের মেয়েকে নিয়ে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে আত্মাহুতি দিতে যান মাকসুদা নামের ওই গৃহবধূ। তখন পাশেই দাঁড়িয়ে ছিল তাঁর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছেলে নাজমুল। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।জুরাইনে বিষপানে মা ফারজানা রীতাসহ দুই সন্তানের আত্মহত্যা, কমলাপুরের কেরোসিন ঢেলে মা বিলাসীসহ দুই সন্তানের পুড়ে মরার রেশ কাটতে না-কাটতেই এ ঘটনা ঘটল।মাকসুদার মা করিমুন্নেসা জানান, মাকসুদার স্বামী আশরাফ নাবিস্কোর লেবেল স্টিকার তৈরি কারখানার শ্রমিক। তাঁদের বিয়ে হয় ১০-১১ বছর আগে। এক বছরের মধ্যেই নাজমুলের জন্ম। এরপর জন্ম হয় মেয়ে তানজিনার। তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভালোই চলছিল মাকসুদা-আশরাফের সংসার। কয়েক মাস আগে আশরাফ দ্বিতীয় বিয়ে করার কথা বলেন। মাকসুদা তাঁকে নিষেধ করেন। এর পর থেকেই শুরু হয় নির্যাতন। গালিগালাজ, মারধর, টাকার জন্য চাপ চলতে থাকে অনবরত। সর্বশেষ গত ৩১ জুলাই মাকসুদাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আশরাফ। এরপর মাকসুদা দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের চৈতারবান্দা গ্রামে বাপের বাড়িতে চলে যান। পাশেই বিষনন্দী গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। মাকসুদার ভাই ইউনুস জানান, এরপর রোববার মাকসুদার শ্বশুর-শাশুড়িকে খবর দেওয়া হয়। তাঁরা এসে সন্তান দুটিকে নিয়ে যান। সর্বশেষ আজ সকালে স্থানীয় বাজারে একটি দোকানে আসেন মাকসুদার স্বামী আশরাফ। খবর পেয়ে মাকসুদা তাঁর সঙ্গে দেখা করতে বাজারে যান। সেখানে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। আশরাফের পিছে পিছে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হন মাকসুদা। সেখানে মাকসুদাকে মুখে মুখে তালাক দেন আশরাফ। মাকসুদা ক্ষুব্ধ হয়ে আশরাফের ভাতের থালা ফেলে দিলে তাঁকে বেদম মারধর করেন আশরাফ। এরপর দুই সন্তানকে নিয়ে ঢাকায় এসে এ ঘটনা ঘটান তিনি। বাবা-মায়ের বাদানুবাদের পুরো ঘটনাটিই দেখেছে ছেলে নাজমুল।মাকসুদাকে উদ্ধারকারী নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিকেল সোয়া পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ভাবছিলাম মরে গেছে। পরে একটু পানি মুখে দিতেই নড়ে উঠল। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বাচ্চা দুটোকে আরেকজন নিয়ে আসছে।’একজন নাজমুল: আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় দেখা মিলল নাজমুলের। খালি গা, খালি পা, পরনে শুধু একটা হাফপ্যান্ট। সেই হাফপ্যান্টের পকেটে দায়িত্বের বোঝা নিয়ে নাজমুল আগলে রেখেছিল মায়ের দেওয়া ৬০০ টাকা আর মামার ফোন নম্বরটি। ট্রেনের ধাক্কা খেয়ে মা পড়ে যাওয়ার পর নাজমুল সেই ফোন নম্বর দিয়েছে নাসিরউদ্দিন নামের এক পথচারীকে। তিনি ফোন করে নাজমুলের মামাকে ঘটনাটি জানান। হাসপাতালে আসার পর নাজমুল ৩০০ টাকা খরচ করেছে বোনের ওষুধ ও অন্যান্য চিকিত্সাসামগ্রী কেনার জন্য।কানের দুল বেচে রিকশা ভাড়া: নাজমুল প্রথম আলোকে বলে, ‘আব্বু আম্মুরে এক তালাক, দুই তালাক কয়া তালাক দিছে। হ্যার পর আম্মু আব্বুর ভাতের থালা ফালায় দেয়। আব্বু তহন আম্মুরে হাত দিয়া এমন মাইর দিছে, আম্মু অজ্ঞান হয়া গেছে। জ্ঞান আইলে পরে আমাগো নিয়া রিকশায় কইরা আড়াই হাজার আইছে। বানিয়ার দোকানে ৮৫০ ট্যাকা দিয়া কানের দুল বেচছে। সেই ট্যাকা থিকা ১০০টা রিকশা ভাড়া দিছে, আর আমাগো চাইরডা জুস কিন্যা দিসে। এরপর বাসের টিকিট কাইটা সায়দাবাদ আইছি।’নাজমুল বলে, ‘মায় কইলো আমরা কচুক্ষেত যামু, মার মামুর বাড়ি। তারপর আমরা আইসা রেললাইনের উপরে বসি। মায় আমারে কয়, “আমি মইরা গেলে তোর বড় মামারে ফোন কইরা আমারে কবর দিতে কবি...”।’ এর পরই তানজিনাকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন মাকসুদা। এর আগে প্রাণভরে আদর করেন সন্তান দুটিকে।