আবার সেই বাছেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা বিশেষ আদালত নয়, বিশেষ প্যাকেজ।’ বর্ডার গার্ডের দরবার হলে বিশেষ আদালত-৭-এ ২৪ রাইফেলের বিচার চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে এ কথা বলেন অধুনালুপ্ত বিডিআরের জওয়ান মো. আবদুল বাছেত। আদালত তাঁকে কাঠগড়া থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেন।এর আগে গত ১ ডিসেম্বর বিচার চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য জওয়ান বাছেতকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁকে চাকরিচ্যুত করা হয় এবং সব সুযোগ-সুবিধা বাতিল করা হয়। বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের বিচার চলছে। গতকাল শনিবার সকাল নয়টায় সাক্ষ্য গ্রহণ শুরু হলে তৃতীয় সাক্ষী আবদুল মান্নান সাত জওয়ানের বিরুদ্ধে অভিযোগ আনেন। এদের একজন হলেন জওয়ান বাছেত। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার পর তিনি সাক্ষী মান্নানকে জেরা করতে শুরু করেন। বাছেত হাততালি দিতে দিতে দাঁড়িয়ে সাক্ষীকে বলেন, ‘ওয়েলডান, ওয়েলডান, খুব সুন্দর অভিনয় করেছেন।’ আদালত বলেন, ‘সাক্ষীকে কটাক্ষ করবেন না, প্রশ্ন করেন।’ বাছেত বলেন, ‘মাননীয় আদালত, আমাকে কথা বলতে দিন। আমার স্বাধীনতা আছে, আমার অধিকার খর্ব করতে পারেন না। ক্ষমতা সারা জীবন থাকবে না।’ আবার আদালত তাঁকে থামাতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ পর্যায়ে আদালত তাঁকে বসানোর জন্য উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আদেশ দেন। এতে বাছেত আরও ক্ষিপ্ত হয়ে সাক্ষীকে বলেন, ‘রাজাকারের বাচ্চা, এটা বিশেষ আদালত নয়, বিশেষ প্যাকেজ হয়ে গেছে।’ আদালত সাক্ষীকে জেরা করার জন্য বাছেতকে আবার সুযোগ দেন। এবার বাছেত সাক্ষীকে বলেন, ‘আমার চোখের দিকে তাকান।’ আদালত বলেন, ‘আপনি প্রশ্ন করুন।’ বাছেত আদালতের সভাপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ৫৭ বছর পূর্ণ হয়েছে। রায় দেওয়ার জন্য আপনি অস্থির হয়ে উঠেছেন।’ বাছেত সাক্ষীকে বলেন, সেদিন কাদের মধ্যে বিদ্রোহ হয়েছিল জানেন? সাক্ষী জবাব দেওয়ার আগেই তিনি বলেন, বিডিআর জওয়ানরা সেনাবাহিনী থেকে ডেপুটিশনে (প্রেষণে) আসা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এ পর্যায়ে আর বলতে না দিয়ে আদালত তাঁকে সরিয়ে নিতে বলেন। তখন বাছেত বলেন, ‘বিচারকের আসন কলুষিত করবেন না।’ দুপুর দেড়টায় আদালতের কার্যক্রম শেষ হওয়ার আগে ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন। তাঁরা হলেন, নায়েব সুবেদার বিদ্যুৎ মিত্র, মেজর শাহ আলম, উচ্চমান সহকারী আবদুল মান্নান, করণিক মাসুদ আহমেদ ও নায়েক জাহিদুল ইসলাম। ৬১ জন জওয়ান এ ছয়জনকে জেরা করেন। গতকাল আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালতের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেজর খান মো. আলাউদ্দিন। আদালতের কার্যক্রম আগামী ১০ ফেব্রুয়ারি সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়। আদালত মুলতবি ঘোষণার সময় আদালতের সভাপতি বলেন, আদালতে এমন কোনো ঘটনা কেউ ঘটাতে চেষ্টা করবেন না, যা অত্যন্ত গর্হিত হিসেবে বিবেচনা করা হবে। যেকোনো ধরনের অপরাধ এখন নতুন আইনে বিচার হবে। সংসদে নতুন যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন পাস করা হয়েছে, সেখানে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে।