আবার সেই সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমাদাসার খবর কী? ১৯৯৬ বিশ্বকাপ জয়ের ১৭তম বার্ষিকীতে চ্যারিটি ম্যাচ খেলে এসএসসির ড্রেসিংরুমে ফিরেছেন মাত্র। কুমার সাঙ্গাকারা আবারও সেঞ্চুরি করেছেন শুনে মুত্তিয়া মুরালিধরন বললেন, ‘ও তো দেখি বাংলাদেশের বিপক্ষেই এক শ সেঞ্চুরি করে ফেলবে!’শুনে হেসে ফেললেন সিদাথ ওয়েতিমুনি। ২৩টি টেস্ট খেলেছেন। ১৯৮৪ সালে লর্ডসে যাঁর ১৯০ মর্যাদা পায় শ্রীলঙ্কান কোনো ব্যাটসম্যানের প্রথম ‘গ্রেট’ ইনিংসের। অস্ফুটে ‘রানমেশিন’ কথাটা বলে এই প্রতিবেদকের দিকে চেয়ে ওয়েতিমুনি বললেন, ‘সাঙ্গা বাংলাদেশকে বড় ভালোবাসে!’তা তো বাসেনই! সেই ‘ভালোবাসা’র আগুনেই তো আবারও পুড়তে হলো বাংলাদেশকে! বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্টের ১৭ ইনিংসে সাঙ্গাকারার গড় ৮৯.২৮। এটাই ‘ভালোবাসা’র যথেষ্ট প্রমাণ দিচ্ছে।তবে যদি শুধু শ্রীলঙ্কায় খেলা টেস্টগুলোকে আলাদা করে নেন, সাঙ্গাকারার গড় দাঁড়ায় ১৩৮! সেটিও প্রথম ৫টি ইনিংসে কোনো সেঞ্চুরি-টেঞ্চুরি ছিল না বলে। নইলে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বশেষ ৫টি ইনিংসে যেন মিশে আছে বাংলাদেশের বোলারদের ‘কান্না’! ২০০৭ সালে শ্রীলঙ্কায় সর্বশেষ সিরিজে অপরাজিত ২০০ ও অপরাজিত ২২২ রানের পর এবার গলে ১৪২ ও ১০৫। কাল দিন শেষে অপরাজিত ১২৭ রানে। প্রেমাদাসায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবধান হয়েও দাঁড়িয়ে এই সাঙ্গাকারাই। দিন শেষে ৫৪ রানে এগিয়ে শ্রীলঙ্কা। পরদিন যেটিকে কমপক্ষে ১২০ রানে পরিণত করার লক্ষ্যের কথা জানিয়ে গেলেন দিনেশ চান্ডিমাল। হাতে মাত্র ৪ উইকেট, টেলএন্ডার এসে গেছে উইকেটে—তার পরও আরও ৬৬ রান করাটা একদমই অসম্ভব মনে হচ্ছে না চান্ডিমালের। কারণ একটাই, ‘কুমার তো এখনো আছে।’ এই উইকেট আর সম্ভবত ক্রিকেট ইতিহাসের মন্থরতম আউটফিল্ড মিলিয়ে এই ‘১২০’ যে ১৮০ রানের সমান, চান্ডিমাল মনে করিয়ে দিলেন সেটাও। দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বপ্নের সূচনাটাকে আস্তে আস্তে বিবর্ণ করে দেওয়ায় চান্ডিমালেরও ভালোই অবদান। গলের পর সেঞ্চুরি করলেন কলম্বোতেও। সাঙ্গাকারার সঙ্গে পঞ্চম উইকেটে তাঁর ১৯৫ রানের জুটিটিই ম্যাচের কর্তৃত্ব হাতবদল করে দিল।চান্ডিমাল যখন নেমেছেন, স্কোরবোর্ডটাকে রীতিমতো ভুতুড়ে মনে হচ্ছে! রানের ঘরে ‘৬৯’ আর উইকেটের ঘরে ‘৪’—বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার জন্য অভূতপূর্ব অভিজ্ঞতাই বটে। দিনের ষষ্ঠ ওভারেই করুণারত্নকে তুলে নিলেন আবুল হাসান। পরের উইকেটটার আগমনধ্বনিও প্রথম শোনা গেল মুশফিকুরের উল্লাসে। গল টেস্টের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে মুদ্রার অন্য পিঠ দেখিয়ে শূন্য রানেই ফিরিয়ে দিলেন রবিউল হোসেন। একটু পইে সোহাগ গাজীর বলে বিভ্রান্ত হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস যখন ফিরে যাচ্ছেন, অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা তাঁকে দুঃস্বপ্নই উপহার দিতে যাচ্ছে কিনা, তিনি এই শঙ্কায় আক্রান্ত।ঝড়ে ভেঙে পড়া ঘর আস্তে আস্তে আবার গড়ে তোলার কাজটা এরপরই শুরু করলেন সাঙ্গাকারা ও চান্ডিমাল। আগের দিন হাফ সেঞ্চুরি করে মমিনুল হক জানিয়ে গিয়েছিলেন, ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুব ভালো। নিজের অভিজ্ঞতা থেকেই হয়তো বলেছিলেন অমন। তবে আর কারও ব্যাটিংয়ে কিন্তু সেটির সমর্থন মিলল না। এই উইকেটে রান করতে কষ্ট করতে হয়। আউটফিল্ড আগের দিনের মতো অমন ‘দেখি, কীভাবে রান করিস’ চ্যালেঞ্জ ছুড়ে না দিলেও মন্থরতার প্রমাণ যথেষ্টই দিল। বাংলাদেশের বোলাররা বোলিংও করলেন ভালো। চান্ডিমাল যেটিকে ‘অসাধারণ বোলিং’-এর স্বীকৃতি দিয়ে ফেলছেন। বিশেষ করে বললেন রবিউল ও সোহাগ গাজীর কথা।কিন্তু বড় ব্যাটসম্যানরা যেমন শিল্পী হয়ে যেতে পারেন, তেমনি প্রয়োজনে শ্রমিকও। সাঙ্গাকারা কাল সেই শ্রমিকের ভূমিকায় আবির্ভূত। ১২৭ রান করতে ২৭১ বল খেলে ফেললেন। যাতে চার মাত্র ১০টি! সারা দিন ব্যাটিং করে এর আগে মাত্র ১২৪ রান কখনো করেছেন, সেটিও রেকর্ড ঘেঁটে দেখার বিষয়।দিনের শেষে দ্বিতীয় নতুন বলে রুবেল হোসেন চান্ডিমাল ও ভিতানাগেকে তুলে নিতে পেরেছেন বলে তৃতীয় দিনের শুরুটা একটু রোমাঞ্চ জাগাচ্ছে। লিডটাকে যদি ৭০-৮০ রানে আটকে রাখা যায়! সেজন্য বড় বাধা হয়ে আছেন কুমার সাঙ্গাকারাই। সারা দিন সাঙ্গাকারার বিপক্ষে বোলিং করে তাঁর উপলব্ধি, ‘ও বাজে শট খেলে না বললেই চলে। আর সুযোগ খুব কম দেয়।’ এই টেস্টের শেষ দুটি দিন আদৌ আগ্রহোদ্দীপক হবে কি হবে না, সেটিও নির্ধারণ করবে সাঙ্গাকারার ব্যাটই।না, কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে এত ভালো না বাসলেও পারতেন!দ্বিতীয় দিন শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ২৪০শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯৪/৬