আবার সেনা-সমর্থিত সরকার আনতে চান খালেদা
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আবারও সেনা-সমর্থিত সরকার আনতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ অভিযোগ করেন। পরে প্রধানমন্ত্রী হবিগঞ্জের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। আবার সেনা-সমর্থিত সরকার আনার জন্য বিরোধীদলীয় নেতাকে অনেকে বাতাস দিচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া নয়জন জেনারেলকে ডিঙিয়ে মঈন উ আহমেদকে বসিয়েছিলেন, যাতে ভোট চুরি করা যায়। ফখরুদ্দীন আহমদকে বিশ্বব্যাংক থেকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন। খালেদা জিয়ার ছেলেদের অর্থ বিদেশে পাচারে সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তাঁরাই খালেদা জিয়ার দুই ছেলেকে উত্তম-মধ্যম দিয়েছেন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উনাকে (খালেদা) বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। আমি সাহস নিয়ে জোর করে দেশে না এলে তাঁকে বিদেশ পাঠানো হতো।’ বিরোধী দলের অবরোধসহ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে বলব, বিজয়ের মাসে জনগণ বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। এটা মানুষ মেনে নেবে না। কারণ, মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘১৪ ডিসেম্বর উনি কি মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান? কেন যান? যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা পুলিশের ওপর হামলা করছে, সেই হত্যাকারীদের রক্ষার জন্য উনি একদিকে আন্দোলন করছেন, অন্যদিকে উনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। উনি কোনটা বিশ্বাস করেন? নাকি এটা উনার ভান?’প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ দেশের মা-বোনের ইজ্জত হরণকারী ও নির্যাতনকারী, তাদের বিচার হোক, সেটা কি বিরোধী দলীয় নেত্রী চান না? চাইলে কেন আন্দোলন? ডিসেম্বর মাসটাই কেন বেছে নেওয়া হলো? যুদ্ধাপরাধী, রাজাকার ও আলবদরদের বাঁচানোর জন্য আন্দোলন করা দুঃখজনক।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন তিনি কোথায় ভালো পাগল আর শিশু খুঁজে পেয়েছেন?’ বর্তমান সরকারের আমলে সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সরকারে থাকতে কোথাও বিএনপির লোকজন হারেনি। কিন্তু বর্তমান সরকারের আমলে সরকারি দলের প্রার্থীও হারছে। জনগণ যাকে ভোট দিচ্ছেন, তিনিই নির্বাচিত হচ্ছেন।’ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষি, খাদ্য, স্বাস্থ্য ও বিদ্যুত্ খাতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ ও এর ফলে যে সব সুফল পাওয়া গেছে, তা তুলে ধরেন।